সিলেটে পার্টিকেল বোর্ডের আঘাতে শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে নগরের সাওদাগরটুলা এলাকায় ট্রাক থেকে পারটেক্সের পার্টিকেল বোর্ড নামাতে গিয়ে নাজমুল ইসলাম (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ছয়টার দিকে নগরের সওদাগরটুলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নাজমুল ইসলাম সুনামগঞ্জের ভাটিপাড়া এলাকার বাসিন্দা। তিনি বেশ কিছুদিন ধরে সওদাগরটুলা এলাকায় বাস করছেন। নাজমুল বিভিন্ন দোকানে মালামাল ওঠানো–নামানোর কাজ করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানায়, রোববার সকাল ছয়টার দিকে সিলেট নগরের সওদাগরটুলা এলাকার ‘হারুন পার্টিকেল স্টোর’–এর কিছু পার্টিকেল বোর্ড ট্রাকে ঢাকা থেকে নিয়ে আসা হয়। সকালে অন্যান্য শ্রমিকের সঙ্গে ট্রাক থেকে পার্টিকেল বোর্ড নামানোর কাজ করছিলেন নাজুমল ইসলাম। এ সময় হঠাৎ ট্রাক থেকে পার্টিকেল বোর্ড গড়িয়ে পড়ে গেলে নাজমুল মাথা ও নাকে আঘাত পান। পরে আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ সময় ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নিশু লাল দে প্রথম আলোকে বলেন, দুর্ঘটনাবশত ট্রাকে থাকা পার্টিকেল বোর্ডগুলো পড়ে যাওয়ায় নাজমুল ইসলামের মাথা ও নাকে আঘাত লাগে। এতে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত নাজমুলের লাশ হাসপাতালে ময়নাতদন্ত চলছে। পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় কোতোয়ালি থানায় অপমৃত্যুর মামলা করার প্রস্তুতি চলছে।