সিলেটে পেট্রলপাম্প মালিকদের ধর্মঘট প্রত্যাহার
সিলেটের দক্ষিণ সুরমার সিএনজি অ্যান্ড পেট্রল ফিলিং স্টেশনে হামলা ও লুটপাটের ঘটনায় অবশেষে থানায় মামলা নথিভুক্ত হওয়ায় অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে সিলেট সিএনজি ও পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়। এর ফলে আজ বুধবার থেকে সিলেটের পেট্রলপাম্পগুলোতে আবার জ্বালানি বিক্রি শুরু হয়েছে।
গত সোমবার বিকেলে সিলেটের দক্ষিণ সুরমার সিএনজি অ্যান্ড পেট্রল ফিলিং স্টেশনে কয়েকজন ব্যক্তি হামলা ও লুটপাট চালায়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ সেই মামলা গ্রহণ করেনি জানিয়ে পরদিন মঙ্গলবার থেকে সিলেটের পেট্রলপাম্পগুলোতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় সিলেট সিএনজি ও পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। পরে রাতেই মামলাটি নথিভুক্ত হলে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়। আজ থেকে পুনরায় জ্বালানি বিক্রি শুরু হয়েছে।
তবে মামলায় জেলা সড়ক ও পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিককে আসামি করায় আগামী শুক্রবার থেকে লাগাতার পরিবহন ধর্মঘটের ডাক দেয় সংগঠনটি। সেলিম আহমদ প্রথম আলোকে বলেন, ‘আমাকে অযাচিতভাবেই মামলায় আসামি করা হয়েছে। এর প্রতিবাদে এবং হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জেলা সড়ক ও পরিবহন শ্রমিক ইউনিয়ন লাগাতার পরিবহন ধর্মঘট ডেকেছে।’
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, সেলিম আহমদসহ চারজনকে আসামি করে পেট্রল ফিলিং স্টেশনে হামলার ঘটনায় মামলা হয়েছে। তবে পুলিশ পুরো ঘটনা তদন্ত করে দেখছে।