সিলেটে প্রতিপক্ষের হামলায় তরুণ খুন
সিলেটে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক তরুণ খুন হয়েছেন। বুধবার রাত একটার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত ওই তরুণের নাম তানভীর আহমদ (২০)। তিনি সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ছলেহপুর গ্রামের শফিক মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ছলেহপুর গ্রামের শফিক মিয়ার বাড়ির পাশে জমি নিয়ে গ্রামের আবদুল গণির সঙ্গে তানভীর আহমদের বিরোধ চলে আসছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা করা হয়েছে। এর জেরেই গতকাল বিকেলে আবদুল গণির ছেলে তৌহিদসহ কয়েকজন মিলে তানভীরের ওপর হামলা চালান। একপর্যায়ে মাথায় ও পিঠে ছুরিকাঘাতে তানভীর গুরুতর আহত হলে তাঁরা পালিয়ে যান। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় রাত একটার দিকে তিনি মারা যান।
সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় তানভীর নিহত হয়েছেন। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা লাশ দাফনের পর মামলা করবেন বলে জানিয়েছেন।