সিলেটে প্রেমের সম্পর্ক গড়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা
সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে তরুণী ধর্ষণের ঘটনার রেশ না কাটতেই এবার নগরীতে এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে যার বিরুদ্ধে মামলা হয়েছে, সেই রাকিবুল হোসেন ওরফে নিজু (২২) ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।
এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে রাকিবুলের বিরুদ্ধে শুক্রবার রাতে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলাটি শনিবারের তারিখে রেকর্ড করা হয়েছে। এর আগে শুক্রবার রাতে ওই কিশোরীকে সিলেট এম এ জি মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।
কিশোরীকে রাকিবুল তাঁর ভাড়া বাসার নির্মাণাধীন ভবনের ছাদে নিয়ে ধর্ষণ করেন। পরে কিশোরীকে বাসা থেকে তাড়িয়ে দেন।
রাকিবুলের বাড়ি সুনামগঞ্জের ছাতকে। সিলেটে তিনি ভাড়া বাসায় থাকেন। মামলার এজাহারে বলা হয়েছে, নগরের দাড়িয়া পাড়া এলাকায় গত মঙ্গলবার রাতে ধর্ষণের এই ঘটনা ঘটে। কিশোরীকে রাকিবুল তাঁর ভাড়া বাসার নির্মাণাধীন ভবনের ছাদে নিয়ে ধর্ষণ করেন। পরে কিশোরীকে বাসা থেকে তাড়িয়ে দেন। এ ঘটনায় কিশোরী মানসিকভাবে ভেঙে পড়ে। সে পরিবারের লোকজনকে বিষয়টি জানায়। এরপর পরিবারের সদস্যরা শুক্রবার রাতে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করে থানায় মামলা করেন।
পুলিশের ভাষ্য, মামলার আসামি রাকিবুল ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং এক স্বেচ্ছাসেবক লীগ নেতার অনুসারী বলে তাঁরা জানতে পেরেছেন। কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে তিনি বাসায় নিয়ে ধর্ষণ করেছেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিঞা বলেন, কিশোরীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। এর পরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করতে অভিযান শুরু করে পুলিশ। ওসি বলেন, ‘শুনেছি, অভিযুক্ত যুবক ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।’