সিলেটে বন্যা বাড়ছে, তিস্তায় বাড়তে পারে
ঘূর্ণিঝড় অশনির পর বঙ্গোপসাগর এখন শান্ত। রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকায় চলছে প্রচণ্ড গরম। তবে উজানে তার উল্টো চিত্র। দুই দিন ধরে সিলেট বিভাগ ও দেশের উত্তরাঞ্চলের উজানে ভারতীয় অংশে বৃষ্টি শুরু হয়েছে। এতে সিলেট বিভাগের বড় নদ–নদীগুলোর পানি দ্রুত বাড়ছে। আগামী দুই–এক দিনে এই পানি বেড়ে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। অন্যদিকে উত্তরাঞ্চলের তিস্তা অববাহিকায় আগামী দুই দিনের মাথায় ঢল নেমে বন্যা সৃষ্টি করতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে এমনটা বলা হয়েছে।
বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, আজ সোমবার সকাল থেকে সিলেটের প্রধান চার নদ–নদী সুরমা, কুশিয়ারা ও সারিগোয়াইন নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় এই নদ–নদীগুলোসহ অন্য নদ–নদীর পানি দ্রুত বেড়ে বন্যার পানি নতুন নতুন এলাকা প্লাবিত করতে পারে। সিলেট, নেত্রকোনা ও সুনামগঞ্জ জেলার বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।
অন্যদিকে তিস্তার উজানে ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়িসহ আশপাশের এলাকায় ভারী বৃষ্টি শুরু হয়েছে। ওই বৃষ্টির পানি আগামী দুই–এক দিনের মধ্যে তিস্তা নদী দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। ফলে তিস্তার তীরবর্তী নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুরের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। তবে এই বন্যা দুই থেকে তিন দিন স্থায়ী হয়ে দ্রুত পানি নেমে যেতে পারে।
এ ব্যাপারে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভূইয়া প্রথম আলোকে বলেন, সিলেটের উজানে ভারতীয় অংশে গত দুই দিনে অস্বাভাবিক পরিমাণে ভারী বৃষ্টি হয়েছে। ওই পানি ঢল আকারে সিলেটের দিকে নেমে আসছে। যে কারণে আগামী কয়েক দিন দিন সেখানে বন্যার পানি বাড়তে পারে।
এরপর পর্যায়ক্রমে পানি কমে আসতে পারে। আর উত্তরাঞ্চলের তিস্তার পানি বেড়ে উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় স্বল্পস্থায়ী বন্যা শুরু হতে পারে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, দেশের বেশির ভাগ এলাকায় আজ সকাল থেকে তাপমাত্রা বাড়ছে। তবে তাপমাত্রার সঙ্গে বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর জলীয় বাষ্প যোগ হচ্ছে। এতে গরমের তীব্রতা আরও বাড়ছে। আগামী কয়েক দিন দেশের কয়েকটি এলাকায় বৃষ্টি বাড়বে। তবে উত্তরাঞ্চলে বৃষ্টি বাড়তে পারে। আর সামগ্রিকভাবে সারা দেশের দিনের তাপমাত্রা বাড়তে পারে।
গতকাল রোববার দেশে সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল মাদারীপুরে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯২ মিলিমিটার।