সিলেটে বন্যার পানিতে ভেসে গেছে ৭১ কোটি টাকার মাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্যার পানিতে পুকুরের মাছ ভেসে গেছে
ফাইল ছবি

সিলেটে দুই দফা বন্যার পানিতে ভেসে গেছে ৩০ হাজার ২৫৫টি পুকুরের মাছ। এতে ক্ষতি হয়েছে প্রায় ৭০ কোটি ৮৫ লাখ টাকা। আজ মঙ্গলবার দুপুরে প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন সিলেট জেলা মৎস্য কর্মকর্তা মো.আবুল কালাম আজাদ।

জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সিলেটের ১৩টি উপজেলায় ৩০ হাজার ২৫৫টি পুকুরের ২৫ হাজার ২৪০ জন খামারি ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত পুকুরের মোট আয়তন ৩ হাজার ৩৯৯ হেক্টর। বন্যার পানিতে ৩ হাজার ৫০৯ মেট্রিক টন মাছ ও ৩২৮ দশমিক ৫০ মেট্রিক টন পোনা ভেসে গেছে। ভেসে যাওয়া মাছের মূল্য ৫৮ কোটি ৩২ লাখ টাকা, পোনার মূল্য ৯ কোটি ২৬ লাখ টাকা। এর বাইরে ৩ কোটি ২৭ লাখ টাকার অবকাঠামোগত ক্ষতি হয়েছে খামারিদের।

মৎস্য কার্যালয়ের তথ্য অনুযায়ী, সিলেট জেলার মধ্যে সবচেয়ে বেশি পুকুরের মাছ ভেসে গেছে জকিগঞ্জ উপজেলায়। এখানে ৬ হাজার ৪০০টি পুকুরের মাছ ভেসে গেছে। এরপর বেশি ক্ষতি হয়েছে বিশ্বনাথ ও কানাইঘাট উপজেলায়। এই দুই উপজেলায় ৩ হাজার ৩০০টি করে পুকুরের মাছ ভেসে গেছে। সিলেট সদরে ১ হাজার ৯০০টি, গোলাপগঞ্জে ১ হাজার ৯০৫টি, জৈন্তাপুরে ২ হাজার ৯৫০টি, বালাগঞ্জে ২ হাজার ৮০০টি, গোয়াইনঘাটে ২ হাজার ৭০০টি, ওসমানীনগরে ১ হাজার ৫০০টি, কোম্পানীগঞ্জে ৪৫০টি, বিয়ানীবাজারে ১ হাজার ৪৫০টি, দক্ষিণ সুরমায় ১ হাজার ২০০টি ও ফেঞ্চুগঞ্জে ৪০০টি পুকুরের মাছ ভেসে গেছে।

সিলেট জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, খামারিদের ক্ষয়ক্ষতির চিত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ–সংক্রান্ত কোনো বরাদ্দ এলে খামারিদের সহায়তা করা হবে।