সিলেটে বাগ্‌বিতণ্ডার জেরে যুবকের ধাক্কায় বৃদ্ধ নিহতের অভিযোগ

লাশ
প্রতীকী ছবি

সিলেটে বাগ্‌বিতণ্ডার জেরে যুবকের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে নগরের শাহজালাল উপশহরের আই ব্লকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ।

নিহত বৃদ্ধের নাম সেলিম আহমেদ (৬০)। তাঁর বাড়ি কিশোরগঞ্জের নিকলী উপজেলার শিমপুর গ্রামে। তবে তিনি সিলেট নগরীর সাদাটিকর এলাকার আলাল মিয়ার কলোনিতে ভাড়া থেকে লন্ড্রির দোকান চালাতেন। আটক যুবকের নাম নাজমুল ইসলাম ওরফে মনির (২৯)। তিনি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আবদুল জলিলের ছেলে। নাজমুল শাহজালাল উপশহর এলাকায় মামার বাসায় থাকতেন।

ঘটনার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, নাজমুল ইসলাম গতকাল সন্ধ্যার দিকে সেলিম আহমেদের লন্ড্রি থেকে কাপড় নিয়ে বাসায় ফেরার পর নিজের মুঠোফোন খুঁজে পাচ্ছিলেন না। পরে তিনি সেলিম আহমেদের দোকানে গিয়ে দাবি করেন, ওই দোকানেই তিনি মুঠোফোন ফেলে গেছেন। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়।

পরে ইফতারির সময় হয়ে আসায় সেলিম আহমেদ দোকান বন্ধ করে বাসায় চলে যেতে চাইলে নাজমুল ইসলাম তাঁকে আটকে রাখার চেষ্টা করেন। নাজমুল ইসলাম একপর্যায়ে সেলিম আহমেদকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলে তিনি বুকে আঘাত পান। এ সময় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ নাজমুল ইসলামকে আটক করে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফ উল্যা বলেন, এ ঘটনায় নাজমুল ইসলামকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। সেলিম আহমেদ হৃদ্‌রোগে আক্রান্ত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।