সিলেটে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
সিলেটের ওসমানীনগর উপজেলায় সিলেট-ঢাকা মহাসড়কে বাসের চাপায় আবদুল্লাহ আল মামুন হাওলাদার (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রোববার সকাল ছয়টার দিকে উপজেলার গয়নাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল্লাহ আল মামুন পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার নদমোল্লা গ্রামের বাদল হাওলাদারের ছেলে। দুর্ঘটনায় মিরাজ হোসেন (৩০) নামের মোটরসাইকেলের অপর এক আরোহী গুরুতর আহত হন। দুজনের মধ্যে মোটরসাইকেলটি কে চালাচ্ছিলেন, সেটা জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে সিলেটের দিকে যাচ্ছিল। একই সড়ক দিয়ে ওই মোটরসাইকেলটিও যাচ্ছিল। বাসটি ওসমানীনগর উপজেলার গয়নাঘাট এলাকায় পৌঁছালে পেছনের দিক থেকে ওই মোটরসাইকেলটিকে চাপা দেয়। বাসচাপায় মোটরসাইকেলে থাকা দুজন গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠালে আবদুল্লাহ আল মামুন হাওলাদারকে মৃত ঘোষণ করেন চিকিৎসকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি জব্দ করে শেরপুর হাইওয়ে থানার পুলিশ। এ সময় বাসচালককেও আটক করা হয়।
শেরপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বিধু ভূষণ দাস প্রথম আলোকে বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি জব্দের পাশাপাশি বাসচালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।