সিলেটে বাড়ির সামনের সড়কে পড়ে ছিল যুবকের রক্তাক্ত লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

সিলেটের বিশ্বনাথ উপজেলায় বাড়ির সামনের সড়কে পড়ে ছিল যুবকের রক্তাক্ত লাশ। আজ বুধবার সকালে উপজেলার দশঘর ইউনিয়নের বাউসী গ্রামে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

লাশ উদ্ধার হওয়া যুবকের নাম এনামুল হক (৩৫)। তিনি বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের বাউসী গ্রামের মো. ইসহাক আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে বাড়ির সামনে এনামুল হকের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন আশপাশের লোকজন। তাঁরা পুলিশকে খবর দেন। সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। লাশের মুখ ও কপালে ধারালো অস্ত্রের আঘাত দেখা গেছে। ধারণা করা হচ্ছে তাঁকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

পুলিশ জানায়, এনামুল হক গাড়ি চালাতেন। সম্প্রতি তিনি গাড়ি চালানো বাদ দিয়ে বাড়িতেই থাকতেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি বাড়ি থেকে বের হয়ে যান। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। আজ ভোরে নিজ বাড়ির সামনের সড়কে তাঁর লাশ পাওয়া যায়।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান বলেন, নিহত এনামুল হক স্থানীয়ভাবে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবী। তাঁর খুনের ঘটনা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আজ বেলা ২টা পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি। ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।