সিলেটে বেড়াতে গিয়ে প্রাণ হারালেন দুই বন্ধু
হবিগঞ্জের মাধবপুরে পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। গতকাল দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বেলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মানিকগঞ্জ জেলা সদরের বাসিন্দা আনোয়ার মোল্লার ছেলে জুবায়ের আল হাসান (২৫) ও একই এলাকার রাইজ উদ্দিনের ছেলে রাজিব আহমেদ (২৬)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে জুবায়ের ও রাজিব সিলেটে বেড়ানোর জন্য মোটরসাইকেলে মানিকগঞ্জ থেকে রওনা দিয়েছিলেন। রাত দেড়টার দিকে তাঁরা মাধবপুর উপজেলার বেলঘর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে ওই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জুবায়ের ও রাজিব দুজনেই গুরুতর আহত হন।
পরে তাঁদের উদ্ধার করে প্রথমে হবিগঞ্জের ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথেই দুজনের মৃত্যু হয়।
জুবায়েরের চাচা আওলাদ হোসেন বলেন, জুবায়ের ও রাজিব দুজনে বন্ধু। তাঁরা সিলেটের বিভিন্ন পর্যটনকেন্দ্র ঘুরে দেখার উদ্দেশে বের হয়েছিলেন। এর মধ্যে জুবায়ের স্নাতকোত্তরের শিক্ষার্থী ও রাজিব ব্যবসায়ী ছিলেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তিদের পরিবারের আবেদনের ভিত্তিতে তাঁদের লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।