সিলেটে বোমা সদৃশ বস্তু ঘিরে রেখেছে পুলিশ

সিলেট নগরের শাহী ঈদগাহ এলাকার একটি ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে বোমা সদৃশ একটি বস্তু ঘিরে রেখেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল নয়টায় স্থানীয়রা এটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। স্কচটেপে মোড়ানো ওই বস্তুটি বোমা কি না, সেটি নিশ্চিত হতে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে পৌঁছেছে। এ নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশ জানিয়েছে, ‘এনাম এন্টারপ্রাইজ’ নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে এই বোমা সদৃশ বস্তুটি কেউ ফেলে গেছে। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তুটির আশপাশ এলাকা ক্রাইম সিন হিসেবে ঘিরে রেখেছে। এ ছাড়া ঝুঁকি এড়াতে শাহী ঈদগাহ-হাজারিবাগ গলির মুখ পর্যন্ত সড়কে যান চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে।

মহানগরের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, স্কচটেপে মোড়ানো বস্তুটি বোমা কি না, তা যাচাইয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বোমা ডিসপোজাল দল এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে।
এ ব্যাপারে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা প্রথম আলোকে বলেন, স্থানীয়দের নিরাপত্তার স্বার্থেই ওই এলাকার সড়ক দিয়ে সাময়িক সময়ের জন্য যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি উৎসুক মানুষদের দূরে সরিয়ে দেওয়া হয়েছে।