সিলেটে ভারত থেকে ফেরা নারীর করোনায় মৃত্যু

করোনাভাইরাস
প্রতীকী ছবি

ভারতে চিকিৎসা নিয়ে দেশে ফেরার ৯ দিন পর আসমা বেগম (৪৮) নামের এক নারী মারা গেছেন। আজ বুধবার দুপুর ১২টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুর আগে তাঁর করোনার সংক্রমণ শনাক্ত হয়েছিল। ওই নারী সিলেটে দক্ষিণ সুরমার বাসিন্দা।

সিলেটের ডেপুটি সিভিল সার্জন জন্মেজয় দত্ত ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ৯ দিন আগে আসমা বেগম ভারত থেকে চিকিৎসা শেষে দেশে ফেরেন।

ওসমানী হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ৯ দিন আগে আসমা বেগম ভারত থেকে চিকিৎসা শেষে দেশে ফেরেন। তিনি কিডনিজনিত জটিলতায় ভুগছিলেন। পরে তাঁকে সরকারি ব্যবস্থাপনায় যশোর বক্ষব্যাধি হাসপাতালে কোয়ারেন্টিনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সেখানে ৯ দিন চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য আজ বুধবার সকালে বিশেষ ব্যবস্থায় তাঁকে সিলেটে প্রেরণ করা হয়। সিলেটে আনার পর যশোর থেকে ওই নারীর করোনা পরীক্ষার প্রতিবেদন ‘পজিটিভ’ আসে। সিলেটে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে ৩১ শয্যার খাদিমনগর হাসপাতালে কোয়ারেন্টিনে পাঠান। পরে সেখানে নেওয়ার পর বেলা ১১টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে আবার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির প্রায় এক ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় বলেন, নিহতের মরদেহ দুপুরেই পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভারতফেরত আরও একজনের করোনা শনাক্ত

সিলেটের ডেপুটি সিভিল সার্জন জন্মেজয় দত্ত বলেন, ভারতফেরত আরও একজনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। ওই ব্যক্তি বর্তমানে সিলেট ৩১ শয্যার খাদিমনগর হাসপাতালের আইসোলেশন সেন্টারে রয়েছেন। সেখানে ভারতফেরত আরও ২২ জনকে কোয়ারেন্টিন করা হয়েছে। তাঁরা সবাই বিভিন্ন সময়ে ভারতে চিকিৎসার জন্য গিয়েছিলেন। ভারতফেরত করোনায় আক্রান্ত এই ব্যক্তি করোনার নতুন ভারতীয় ধরনে আক্রান্ত কি না, সেটি পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে প্রেরণের প্রস্তুতি চলছে।

এদিকে করোনায় আক্রান্ত হয়ে আজ মারা যাওয়া নারীর সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁদের শনাক্ত করে কোয়ারেন্টিনের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান ডেপুটি সিভিল সার্জন।