সিলেটে ভূমিকম্পে ভবন হেলে পড়ার খবর, উৎসুক জনতার ভিড়
সিলেটে গতকাল শনিবার ও আজ রোববার কয়েকবার ভূকম্পন অনুভূত হয়েছে। এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ফেসবুকে নগরের দুটি ভবন হেলে পড়ার খবর ছড়িয়ে পড়ে। ওই ভবন দেখতে উৎসুক লোকজন ভিড় করছে।
গতকাল রাতে ফেসবুকে সিলেট নগরের পাঠানটুলার পশ্চিম পনিটুলা পল্লবী আবাসিক এলাকার ব্লক সি-১৬/১ নম্বর আহাদ টাওয়ার নামের ছয়তলা ভবন ও পার্শ্ববর্তী পনিটুলা দর্জিপাড়ার মোহানা বি/৩ ছয়তলা ভবন হেলে পড়ার খবর ছড়িয়ে পড়ে। আজ সকাল থেকে হেলে পড়া ভবনটি দেখতে সিলেট নগরের বিভিন্ন এলাকা থেকে মানুষজন ভিড় জমায়।
এই পরিপ্রেক্ষিতে সিলেট সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা ভবন দুটি পরিদর্শন করেছেন।
এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ভবনটি প্রায় এক ইঞ্চি পরিমাণ হেলেছে। সেটি ঝুঁকিপূর্ণ ভবন বলা যাবে না। এরপরও আমরা ভবনের নকশা, ভবন নির্মাণের অনুমোদনের কাগজপত্র ভবনমালিকের কাছে চেয়েছি। তাঁরা সেটি নগর ভবনে নিয়ে আসবেন বলে জানিয়েছেন।’
আজ সকালে গিয়ে দেখা গেছে, পাশাপাশি দুটি ছয়তলা ভবন। দুই ভবনের নিচের অংশে মধ্যবর্তী স্থানে ফাঁক থাকলেও ওপরের দিকে কিছুটা একটির সঙ্গে ওপরটি লাগোয়া। অনেকেই ভবনটি দেখতে এসেছেন।
আহাদ টাওয়ার নামের ভবনটির মালিক আবদুল আহাদ দেশের বাইরে থাকেন। তাঁর অবর্তমানে জামাতা আশিকুর রহমান ভবনটি দেখভাল করেন। আশিকুর প্রথম আলোকে বলেন, ‘২০১৪ সালে ভবনটি নির্মাণ করা হয়। ২০১৫ সালে পাশে একই উচ্চতার আরেকটি ভবন হয়। ওই ভবনের মালিক আমাদের ভবনের সঙ্গে লাগিয়ে নির্মাণ করেছেন। পরে বিষয়টি নিয়ে সালিসও হয়েছে।’
আশিকুর রহমান আরও বলেন, গতকাল রাতে সাংবাদিক পরিচয় দিয়ে এক ব্যক্তি ফেসবুকে ভূমিকম্পে ভবন হেলে পড়ার খবর ছড়িয়ে দেন। পরে সিলেট সিটি করপোরেশনের প্রকৌশলী এবং মেয়রসহ একটি দল ভবনটি পরিদর্শন করে গেছেন। ভবনটি হেলে পড়েনি। ভবনে ১১টি পরিবার বসবাস করে। তারা সবাই বাসায় রয়েছে। তারা এর আগে থেকেই ভবনটি এভাবেই দেখে আসছে। এ জন্য তারা আর কোথাও যায়নি।