সিলেটে মাদকসেবী ও ছিনতাইকারীদের হামলায় ফটোসাংবাদিক আহত
মাদকসেবী ও ছিনতাইকারীদের হামলায় সিলেটের স্থানীয় দৈনিক একাত্তরের কথার ফটোসাংবাদিক মিঠু দাস আহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যা সাতটায় নগরের বন্দরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত মিঠু সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে আজ বৃহস্পতিবার সকালে বাসায় ফিরেছেন।
এদিকে আজ বেলা একটার দিকে এ ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে সিলেট জেলা প্রেসক্লাব। সংগঠনের সভাপতি আল আজাদ ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদ স্বাক্ষরিত এক বিবৃতিতে দোষীদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানান।
প্রত্যক্ষদর্শী ও মিঠুর সহকর্মীরা জানিয়েছেন, কাষ্টঘর এলাকায় মাদক ব্যবসা পরিচালনা, চাঁদাবাজি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত একটি চক্র রয়েছে। ইসলাম আলীর নেতৃত্বাধীন এসব চক্রের বিরুদ্ধে মিঠু দাসের তোলা ছবিতে একাধিক প্রতিবেদন পত্রিকায় প্রকাশিত হয়েছে। এরই জেরে গতকাল সন্ধ্যায় মিঠুর ওপর হামলার ঘটনা ঘটে। তাঁকে রড দিয়ে আঘাত করে ওই চক্রের সদস্যরা। পরে তাঁকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
মিঠু দাস সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য। এ ঘটনায় তিনি বাদী হয়ে গতকাল রাতে সিলেট মহানগরের কোতোয়ালি থানায় ইসলাম আলীকে প্রধান আসামি করে চারজনের নাম উল্লেখ করে মামলা করেছেন। এতে অজ্ঞাতনামা আরও ১০ জনকে আসামি করা হয়েছে।
সিলেট মহানগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ প্রথম আলোকে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে।