সিলেটে মারা যাওয়া চিকিৎসকের দ্বিতীয় রিপোর্ট করোনা 'পজিটিভ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

উপসর্গ নিয়ে মারা যাওয়া সিলেটের চিকিৎসক গোপাল শঙ্কর দের দ্বিতীয় নমুনা পরীক্ষার রিপোর্ট করোনা ‘পজিটিভ’ এসেছে। ওসমানী হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাঁর মৃত্যুর এক দিন পর গতকাল রোববার রাতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তাঁর নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়। তাঁকে স্বাস্থ্যবিধি মেনেই সৎকার করা হয়েছে।

২১ জুন করোনার উপসর্গ নিয়ে গোপাল শঙ্কর দেকে নগরীর বেসরকারি হাসপাতাল মাউন্ট এডোরা হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছিল। ওই হাসপাতাল সূত্র জানায়, ভর্তির আগে প্রথম দফায় তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট ‘নেগেটিভ’ এসেছিল। ভর্তির পর দ্বিতীয় দফায় ২৪ জুন আবার করোনা পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়। এ পরীক্ষার রিপোর্ট আসার এক দিন আগে গত শনিবার রাত পৌনে নয়টার দিকে মারা যান তিনি।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মানসিক রোগ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক গোপাল শঙ্কর দে (৬২) সিলেট নগরীর চৌহাট্টার বাসিন্দা। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন তিনি। ২০১৪ সালে অবসরগ্রহণ করে তিনি সিলেট নগরীর চৌহাট্টায় নিজস্ব চেম্বার ও একটি বেসরকারি হাসপাতালে রোগী দেখতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর মেয়েও একজন চিকিৎসক।