সিলেটে মৃত্যুহীন দিনে করোনা শনাক্ত ১৫ শতাংশের নিচে
সিলেট বিভাগে গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৪৮১ জনের, শনাক্তের হার ১৩ দশমিক ৩৭। যা আগের ২৪ ঘণ্টার চেয়ে ২ দশমিক ৫৮ শতাংশ কম। শেষ ২৪ ঘণ্টায় বিভাগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে কারও মৃত্যু হয়নি।
আজ বেলা একটার দিকে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের করোনা–সংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, সিলেট বিভাগে গত ২৩ জানুয়ারি থেকে দৈনিক করোনা শনাক্ত ৩০ শতাংশের ওপরে উঠতে থাকে। এর মধ্যে ২৬ জানুয়ারি সর্বোচ্চ শনাক্তের হার ছিল ৩৯ দশমিক ৪৯। গত বুধবার থেকে সংক্রমণের হার কমতে শুরু করে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সেটি আরও কমে ১৫ শতাংশের নিচে নেমেছে।
সিলেট বিভাগে গত ২৩ জানুয়ারি থেকে দৈনিক করোনা শনাক্ত ৩০ শতাংশের ওপরে উঠতে থাকে। এর মধ্যে ২৬ জানুয়ারি সর্বোচ্চ শনাক্তের হার ছিল ৩৯ দশমিক ৪৯।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে সিলেটে ১১৮ জন, সুনামগঞ্জে ২১, হবিগঞ্জে ২৭ ও মৌলভীবাজারে ৩২ জন রয়েছেন।
বিভাগে আজ সকাল ৮টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন ১৬৪ জন। এর মধ্যে সিলেটের ১৪০ জন, সুনামগঞ্জে ৫, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজারের ১৮ জন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, গত ডিসেম্বরের শেষের দিকে সংক্রমণের হার কিছুটা ঊর্ধ্বমুখী হতে থাকে। যা জানুয়ারির শেষ পর্যন্ত অব্যাহত থাকতে দেখা যায়। ফেব্রুয়ারির শুরু থেকে সংক্রমণের হার কমেছে। তিনি বলেন, করোনার সংক্রমণ বৃদ্ধি রোধে সবাইকে সচেতনতা অবলম্বন করতে হবে। স্বাস্থ্যবিধি রক্ষার পাশাপাশি জনসমাগমস্থলে সামাজিক দূরত্ব এবং মাস্ক ব্যবহার করতে হবে।