সিলেটে মেয়েকে হত্যার অভিযোগে মা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

সিলেটে এক বছর পাঁচ মাস বয়সী মেয়েকে হত্যার অভিযোগে নাজমিন জাহান নামের এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে সিলেটের শাহপরাণ থানায় নাজমিনের স্বামী হত্যা মামলা করলে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এর আগে গতকাল বিকেলে সিলেটের কোতোয়ালি থানায় গিয়ে নাজমিন বলেছিলেন, ‘আমি আমার মেয়েকে মারছি, বালিশ চাপা দিয়ে আমি আমার মেয়েকে মারছি, আমি ফাঁসিতে ঝুলব।’

নাজমিন গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণ বাদেপাশা গ্রামের কালিকৃষ্ণপুর গ্রামের জিয়া উদ্দিনের মেয়ে। বাবা-বোন, দুই সন্তানসহ থাকেন সিলেট শহরতলির খাদিমপাড়া নীপবন আবাসিক এলাকায়। তাঁর স্বামী সাব্বির হোসেন সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের বলদি গ্রামের বাসিন্দা। সাব্বির হোসেনের করা হত্যা মামলায় নাজমিন একমাত্র আসামি।

শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, মামলার পরই নাজমিন নাহারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ দুপুরে নাজমিনকে আদালতে নেওয়া হয়েছে। ১৬৪ ধরায় তাঁর জবানবন্দি নেওয়ার জন্য আদালতে আবেদন করা হয়েছে।

আরও পড়ুন

পুলিশ জানায়, গতকাল দুপুরে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে এক বছর পাঁচ মাস বয়সী শিশু সাবিহা হোসেনের মৃত্যু হয়। এ ঘটনায় হাসপাতালের পুলিশ বক্স থেকে শিশুর বাবা, মা ও নানাকে কোতোয়ালি থানায় পাঠানো হয়। পরে নাজমিনের কথা শুনে তাঁকে আটক করা হয়েছে।

নিহত শিশু সাবিহা হোসেন
ছবি: সংগৃহীত

নাজমিনকে থানায় নেওয়ার পর তিনি জানিয়েছিলেন, তাঁর স্বামী সাব্বির হোসেন মেয়েকে দেখতে না আসায় তিনি ক্ষোভে মেয়েকে বালিশ চাপা দিয়েছিলেন, কিন্তু সে সময় শিশুটি মারা যায়নি। বাসার মালিকসহ প্রতিবেশীরা শিশুটিকে তাঁর কাছ থেকে কেড়ে নেওয়ার সময় বমি করে। এরপর তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মামলায় সাব্বির উল্লেখ করেছেন, পারিবারিক ও দাম্পত্য কলহের কারণে স্বামীর সঙ্গে মনোমালিন্য থেকে নাজমিন প্রতিশোধপরায়ণ হয়ে উঠেছিলেন। প্রতিশোধপরায়ণ হয়েই নাজমিন তাঁর মেয়েকে হত্যা করেছেন বলে দাবি করা হয়েছে। নাজমিনের বাড়ি মহানগর পুলিশের শাহপরাণ থানাধীন হওয়ায় আইনি প্রক্রিয়ার জন্য রাতেই তাঁকে শাহপরাণ থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নাজমিন নাহারের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, কয়েক দিন ধরে নাজমিন কিছুটা অস্বাভাবিক আচরণ করছিলেন। এ জন্য তিনি বেশ কয়েকটি ঘুমের ওষুধও খেয়েছেন। তাঁর ভাড়া বাসা থেকে কয়েকটি ওষুধও উদ্ধার করেছে পুলিশ। বিষয়গুলো পুলিশ বিস্তারিত তদন্ত করে দেখছে। পাশাপাশি তিনি মানসিকভাবে অসুস্থ কি না, সেটিও চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।