সিলেটে মোটরসাইকেল আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আলীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহীর নাম নুরুল বক্স (৩৫)। তিনি দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের সিলাম টিল্লাপাড়া গ্রামের বাসিন্দা। এ দুর্ঘটনায় একই গ্রামের সাহেল বক্স (২৩) নামের আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ১০টার দিকে দক্ষিণ সুরমার রশিদপুরের দিক থেকে মোটরসাইকেলে সিলেটের দিকে আসছিলেন নুরুল বক্স ও সাহেল বক্স। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে নুরুল বক্সকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত সাহেল বক্সকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানতে চাইলে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, নিহত নুরুল বক্সের লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।