সিলেটে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় নারী নিহত, চালক গ্রেপ্তার
সিলেট নগরে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত নুরজাহান বেগম (৫৫) মারা গেছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের আম্বরখানা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। পরে রাত আড়াইটার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত নুরজাহান বেগম সিলেটের বিমানবন্দর থানার গোয়াইপাড়া এলাকার মৃত ফারুক মিয়ার স্ত্রী। এ ঘটনায় নিহত নুরজাহানের মেয়ে রোজিয়া আক্তার বাদী হয়ে বিমানবন্দর থানায় একটি মামলা করেছেন। পুলিশ ট্রাকচালক সারজাহান মিয়াকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের আম্বরখানা মোড়ে রাস্তা পার হচ্ছিলেন নুরজাহান বেগম। তখন টিলাগড় থেকে আসা বিমানবন্দরগামী একটি ট্রাক তাঁকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় গুরুতর আহত হন নুরজাহান বেগম। এ সময় আশপাশের লোকজন চালকসহ ট্রাকটি আটক করেন এবং নুরজাহান বেগমকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দের পাশাপাশি চালককে আটক করে।
মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফ উল্যাহ প্রথম আলোকে বলেন, নিহত নুরজাহানের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার পর সারজাহান মিয়াকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।