সিলেটে শাবিপ্রবিতে স্নাতক গণিত অলিম্পিয়াডে বিজয়ী ১০ জন
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ১২তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে জাতীয় সংগীতের মধ্য দিয়ে এর উদ্বোধন হয়। বিকেল চারটায় ফল ঘোষণা করে বিজয়ী ১০ জনকে পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণিত অলিম্পিয়াডের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের বিভাগীয় প্রধান মাহবুবুর রশিদ, সদস্যসচিব রেজওয়ান আহমেদ, বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন মো. রাশেদ তালুকদার, নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস প্রমুখ।
গণিত অলিম্পিয়াডে বিভাগের আঞ্চলিক পর্যায়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৮০ জন প্রতিযোগী অংশ নেন। তাঁদের মধ্যে ১০ জন প্রতিযোগীকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ী প্রতিযোগীরা জাতীয় পর্যায়ে গণিত অলিম্পিয়াডে অংশ নেবেন।