সিলেটে সর্দি, জ্বর, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে দুজনের মৃত্যু

সর্দি, জ্বর, শ্বাসকষ্ট, গলাব্যথা নিয়ে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন এক নারী (৫০) ও এক বৃদ্ধের (৯৫) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে মারা যাওয়া ওই নারী হাসপাতালের আইসোলেশন সেন্টারে এবং বৃদ্ধ নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। এসব তথ্য জানিয়েছেন হাসপাতালের আবাসিক চিকিৎসক জন্মেজয় দত্ত।
হাসপাতাল সূত্রে জানা গেছে, জ্বর, সর্দি ও গলা ব্যথা নিয়ে ওই নারী গত সোমবার বিকেলে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন। পরে তাঁর নমুনা সংগ্রহ করা হয়। হাসপাতালে ভর্তির পর তিনি আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সেখানেই তাঁর মৃত্যু হয়।
অন্যদিকে বৃহস্পতিবার সকালে মারা যাওয়া বৃদ্ধকে বুধবার রাত ১১টার দিকে সিলেটের একটি বেসরকারি হাসপাতাল থেকে শামসুদ্দিন আহমদ হাসপাতালে আনা হয়েছিল। তাঁর শ্বাসকষ্ট ছিল। হাসপাতালে নিয়ে আসার পর তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
হাসপাতালের আবাসিক চিকিৎসক জন্মেজয় দত্ত প্রথম আলোকে বলেন, মারা যাওয়া নারীর করোনার উপসর্গ ছিল। তবে বৃদ্ধের তেমন উপসর্গ ছিল না। বুধবার রাতে একটি বেসরকারি হাসপাতাল থেকে তাঁকে এখানে পাঠানো হয়েছিল। পরে হাসপাতালের আইসিইউতে তাঁর চিকিৎসা চলছিল। বৃহস্পতিবার দুপুরে সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিদের অবহিত করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।