সিলেটে সাংবাদিককে হত্যাচেষ্টার অভিযোগে মামলা, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতকড়া
প্রতীকী ছবি

সিলেটে এক সাংবাদিককে হত্যাচেষ্টা ও অপহরণের অভিযোগে মামলা হয়েছে। গতকাল সোমবার রাতে বেসরকারি টেলিভিশন এনটিভির সিলেট প্রতিবেদক মারুফ আহমদ নগরীর কোতোয়ালি থানায় এ মামলা করেন। মামলার পর দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মারুফ আহমদ অভিযোগ করেছেন, গতকাল সোমবার রাত আটটার দিকে তিনি নগরীর ব্লু-ওয়াটার শপিং সিটিতে যান। ওই ভবনে তাঁর অফিস। ভবনটির পার্কিংয়ে তিনি মোটরসাইকেল রাখতে যান। সে সময় তিন যুবক তাঁকে তুলে নিয়ে যাওয়ার জন্য অতর্কিত হামলা করেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে ওই তিন যুবক তাঁর কাছে থাকা মানিব্যাগ, নগদ ৯৭ হাজার টাকা ও জরুরি কাগজপত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। পরে তাঁকে প্রাথমিক চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

হামলার শিকার মারুফ আহমদ সিলেটের টিভি সাংবাদিকদের সংগঠন ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা) সাধারণ সম্পাদক। এ ঘটনায় ইমজার জরুরি সভায় নিন্দা জানানো হয়েছে। সোমবার রাতে নগরীর কোতোয়ালি থানায় বাদী হয়ে মামলা করেন মারুফ আহমদ। মামলার পর অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহম্মদ আলী মাহমুদ বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। রাতে মামলা পর অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।