সিলেটে সুরমায় পানি বাড়ছে, কমছে কুশিয়ারায়

সিলেটে প্রধান দুই নদী সুরমা ও কুশিয়ারার পানির স্তরে আবার দুই রূপ দেখা দিয়েছে। সুরমায় পানি বাড়ছে। কুশিয়ারায় পানি কমছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পানি বাড়ছে সিলেটের কোম্পানীগঞ্জের ধলাই নদে। ছবিটি সীমান্তবর্তী ইসলামপুর পয়েন্টের।
প্রথম আলো

সিলেটে প্রধান দুই নদী সুরমা ও কুশিয়ারার পানির স্তরে আবার দুই রূপ দেখা দিয়েছে। সুরমার উৎসমুখের কানাইঘাট পয়েন্টে পানি বাড়ছিল। কমছিল কুশিয়ারার উৎসমুখ অমলসিদে। সীমান্ত থেকে নেমে আসা সারী ও লোভার পানি কমলেও বাড়ছিল শুধু ধলাই নদের পানি।

আজ রোববার দৈনিক পানির স্তর সম্পর্কিত তথ্যের বরাত দিয়ে এ কথা জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড সিলেটের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ শহীদুজ্জামান সরকার।

পাউবো জানায়, সিলেট ও সুনামগঞ্জ দিয়ে প্রবহমান সুরমা নদীর পানি পরিমাপ করা হয় উৎসমুখ এলাকার কানাইঘাট ও সিলেট শহর এলাকায়। সিলেটের ছয়টি উপজেলা হয়ে সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের একাংশ দিয়ে প্রবাহিত কুশিয়ারা নদীর সীমান্তবর্তী অমলসিদসহ চারটি পয়েন্টে পানি পরিমাপ করা হয়। এ ছাড়া ভারতের মেঘালয় পাহাড় থেকে নেমে আসা সীমান্ত নদ-নদী হিসেবে পরিচিত লোভা, সারী ও ধলাইয়ের উৎসমুখ এলাকার সিলেটের কোম্পানীগঞ্জের ইসলামপুরে প্রতিদিন সকাল, দুপুর ও সন্ধ্যায় মোট পাঁচবার পানি পরিমাপ করা হয়।

সুরমা নদীর পানি পরিমাপ করা হয় দুটি পয়েন্টে। আর কুশিয়ারা নদীর পানি মাপা হয় চারটি পয়েন্টে।

পাউবোর দৈনিক পানির স্তর সম্পর্কিত তথ্য অনুযায়ী, সুরমার কানাইঘাট পয়েন্টে পানি বাড়ছে। আর কমছে সিলেট শহর পয়েন্টে। কানাইঘাট পয়েন্টে গতকাল সন্ধ্যায় ১০ দশমিক ৬৬ মিটার দিয়ে প্রবাহিত হয়। আজ রোববার সকালে সেখানে ১০ দশমিক ৭৩ মিটার দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সিলেট শহর পয়েন্টে পানি বাড়লেও সকাল থেকে কমছিল। সকাল ৬টায় ৮ দশমিক ৬৭ মিটার থেকে নেমে দুপুর ১২টায় ৮ দশমিক ৬৬ মিটার দিয়ে প্রবাহিত হয়।

সুরমায় পানি বাড়লেও কমছিল কুশিয়ারার উৎসমুখসহ চারটি পয়েন্টে। ভারতের বরাক মোহনার কাছে সিলেটের জকিগঞ্জের অমলসিদ এলাকায় কুশিয়ারার উৎসমুখে সকাল ৯টায় ১৩ দশমিক ১৫ মিটার থেকে দুপুর ১২টায় ১ সেন্টিমিটার কমেছে। তবে কুশিয়ারার বিয়ানীবাজারের শেওলা পয়েন্টে পানি কিছুটা বেড়েছে। আর কমছিল ফেঞ্চুগঞ্জ ও শেরপুর পয়েন্টে। সীমান্ত থেকে নেমে আসা কানাইঘাটের লোভাছড়া দিয়ে প্রবাহিত লোভা নদীর পানিও কমছিল। সকালে ১১ দশমিক ৭৯ মিটার থেকে নেমে দুপুরে ১১ দশমিক ৭৬ মিটার দিয়ে প্রবাহিত হয়। সারী নদীর জৈন্তাপুর উপজেলার সারীঘাট পয়েন্টে ৯ দশমিক ৪৫ মিটার থেকে নেমে ৯ দশমিক ৪০ মিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। সারী-লোভার পানিতে ভাটার টান থাকলেও বাড়ছিল শুধু ধলাই নদের পানি।

সিলেটের কোম্পানীগঞ্জ দিয়ে প্রবাহিত ধলাই নদের পানি পরিমাপ করা হয় সীমান্তবর্তী ইসলামপুর পয়েন্টে। শুক্রবার থেকে সেখানে পানি বাড়তে থাকে। শুক্রবার সন্ধ্যায় ৮ দশমিক ৯৭ মিটার থেকে পরদিন সকালে ৯ দশমিক শূন্য ৪ মিটার দিয়ে প্রবাহিত হয়। ২৪ ঘণ্টায় সেখানে পানি আরও বেড়েছে। আজ সকাল ৬টায় ৯ দশমিক ১২ মিটার দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল।

পাউবোর নদ-নদী পর্যবেক্ষকেরা বলেছেন, সীমান্তের ওপারে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ি অঞ্চল লুংলংপুঞ্জি ও শিলংয়ের চেরাপুঞ্জির একটি পাহাড়ি ঝরনা ধলাই নদের পানির প্রবাহের উৎস। সেখানে ভারী বৃষ্টি হওয়ায় ধলাই নদে পানি বাড়ছে। বৃষ্টি কমলে পরিস্থিতি স্বাভাবিক হবে।