সিলেটে সেতুর সংযোগ সড়কে গর্ত, ঝুঁকি নিয়ে চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেতুর সংযোগ সড়কের মাটি ধসে গর্ত তৈরি হয়েছে। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। সম্প্রতি সিলেট সদরের বাদাঘাট সেতুর সামনে
ছবি: আনিস মাহমুদ

সেতুর সংযোগ সড়কের একাংশ প্রায় তিন বছর আগে ভাঙা ছিল। পরে সেটি মেরামত করা হয় ২০১৭ সালের শেষের দিকে। বালুভর্তি বস্তা ও ইট-সুরকি ফেলা হয়। সেগুলো আটকে রাখতে দেওয়া হয়েছিল বাঁশের বেড়া।

কিছুদিন যেতে না যেতেই ধসে পড়ে বেড়ার একটি অংশ ভেঙে যায়, এতে সড়কের পাশে তৈরি হয়েছে গর্ত। ক্রমেই ধসে পড়ছে সড়কটি। সেতুর ডান দিকের সংযোগ সড়কটির একাংশ ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এতে যেকোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এমন শোচনীয় অবস্থা সিলেটের বাদাঘাট-শিবের বাজার সড়কের চেঙ্গেরখাল সেতুর সংযোগ সড়কের।

আজ বুধবার দুপুরে সরেজমিন দেখা যায়, চেঙ্গেরখালের সংযোগ সড়কটির ডান পাশে কেন্দ্রীয় কারাগার। এর পাশেই নির্মাণাধীন মেরিন একাডেমি। বাদাঘাট সড়ক দিয়ে শিবের বাজার যাওয়ার পথে সড়কের ডান পাশে গর্তটি। সড়কের নিচে হাওর। হাওরের সঙ্গে দেবে গেছে গর্তটি। বৃষ্টিতে ওই গর্তে সড়ক থেকে গড়িয়ে পড়ে পানি। এতে গর্তের আয়তন ধীরে ধীরে বাড়ছে। পাশে চেঙ্গেরখাল নদ ও কেন্দ্রীয় কারাগার। নেই কোনো সড়কবাতি।

চেঙ্গেরখাল সেতু দিয়েই চলাচল করছে ভারী যানবাহন থেকে শুরু করে মাঝারি যানবাহন, মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা। যানবাহনগুলো সংযোগ সড়কটির ডান পাশে গর্ত এড়িয়ে চলাচল করছে।

সিলেট সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, বাদাঘাট সড়কটি সিলেট-সুনামগঞ্জ সড়কের একটি বাইপাস হিসেবে ছিল। ১৯৯৬ সালের দিকে স্থানীয় চেঙ্গেরখালের ওপর সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। সড়কটি সুনামগঞ্জের ছাতক, সিলেটের কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার কিছু অংশের বিকল্প সড়ক হিসেবে ব্যবহার করা হয়। ২০০১ সালের দিকে সেতুটি উদ্বোধন করা হয়। এরপর ওই বিকল্প সড়ক দিয়ে সরাসরি যানবাহন চলাচল শুরু হয়।

সিলেট কেন্দ্রীয় কারাগারের প্রবেশমুখে দাঁড়িয়ে থাকা সিএনজিচালিত অটোরিকশাচালক জায়েদ মিয়া বলেন, গর্তটি বেশি ঝুঁকিপূর্ণ থাকে রাতের বেলা। সড়কে কোনো বাতি না থাকায় যেকোনো সময় ওই গর্তে যানবাহন পড়ে যেতে পারে। এতে ঘটতে পারে বড় দুর্ঘটনা।

শিবের বাজার এলাকার বাসিন্দা খালেদ আহমদ বলেন, সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। পাশেই কেন্দ্রীয় কারাগার। শহরের সঙ্গে যোগাযোগের প্রধান সড়ক। সড়কটি এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, যা দিনের বেলায় বোঝা যায়। কিন্তু রাতের বেলা অন্ধকারে বোঝার উপায় থাকে না। সড়কের ওই অংশ দ্রুত সংস্কার করা দরকার।

সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান বলেন, বাদাঘাটে সেতুর সংযোগ সড়কের একাংশ দেবে যাওয়ার বিষয়টি তাঁর জানা নেই। তবে তিনি শুনেছেন সেটি আগে মেরামত করা হয়েছিল। সড়কে গর্তের বিষয়ে খবর নিয়ে দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।