সিলেটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

সিলেটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে এ অপরাধে তাঁকে এক লাখ টাকা জরিমানা ও তা অনাদায়ে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মিজানুর রহমান ভূঁইয়া রোববার বেলা একটায় এ রায় দেন।

সাজা পাওয়া আসামির নাম উমর ফারুক ওরফে দোলন (২৭)। তিনি সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট পূর্ব বাজারের বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রোববার সিলেট জেলা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি জসিম উদ্দিন আহমদ প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণী সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্রামের রফিক মিয়ার পরিবার সিলেট নগরের পাঠানটুলার নিকুঞ্জ আবাসিক এলাকা বাস করে। রফিক মিয়ার মেয়ে পুতুল বেগমের (২১) সঙ্গে ২০১১ সালে উমর ফারুকের বিয়ে হয়। তামিম ইকবাল নামের একটি ছেলেসন্তান রয়েছে তাঁদের। পরে পারিবারিক বিষয় নিয়ে তাঁদের মধ্যে কলহ দেখা দেয়। এর জেরে ২০১৪ সালে পুতুল বেগম ছেলেকে নিয়ে বাবার বাড়িতে চলে যান।

মামলার সংক্ষিপ্ত বিবরণী সূত্রে আরও জানা গেছে, ২০১৫ সালের ১৯ অক্টোবর পুতুল বেগম বাসায় ছেলেকে রেখে স্বামীর কাছে চলে যান। এরপর পুতুলের আর খোঁজখবর পাননি বাবার বাড়ির লোকজন। ৩১ অক্টোবর পুলিশ জৈন্তাপুরের মোকামবাড়ি আলুবাগান এলাকায় অজ্ঞাতনামা এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পরে পুতুলের বাবার পরিবারের সদস্যরা জৈন্তাপুর থানায় গিয়ে কাপড়চোপড় দেখে তাঁর লাশ শনাক্ত করেন।

এ ঘটনায় নিহত পুতুলের মা আনোয়ারা বেগম বাদী হয়ে মেয়েকে হত্যার অপরাধে জামাতা উমর ফারুককে একমাত্র আসামি করে ২০১৫ সালের ৪ নভেম্বর জৈন্তাপুর থানায় হত্যা মামলা করেন। ২০১৭ সালের ১২ মার্চ সিআইডি সিলেট কার্যালয়ের উপপরিদর্শক মো. আবুল কালাম আসামি  উমর ফারুককে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। দীর্ঘ শুনানি শেষে দোষী সাব্যস্ত হওয়ায় আদালত মামলার আসামি উমর ফারুককে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

রাষ্ট্রপক্ষে অতিরিক্ত সরকারি কৌঁসুলি জসিম উদ্দিন আহমদ ও আসামিপক্ষে মইনুল ইসলাম মামলাটি পরিচালনা করেন।