সিলেটে সড়ক দুর্ঘটনায় দাদা-নাতি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট-জকিগঞ্জ সড়কে দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার। শনিবার দুপুরে।
ছবি: সংগৃহীত

সিলেট-জকিগঞ্জ সড়কে ব্যক্তিগত গাড়ি ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক বছরের শিশুসহ দুজন মারা গেছেন। নিহত দুজন সম্পর্কে দাদা ও নাতি। আহত হয়েছেন চারজন।

আজ শনিবার দুপুরে গোলাপগঞ্জ সদর ইউনিয়নে সিলেট-জকিগঞ্জ সড়কের ফাজিলপুরে এ দুর্ঘটনা ঘটে। গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

নিহত দুজন হলেন সিলেটের বিয়ানীবাজারের জলঢুপ পাতন উচাপাড়া গ্রামের সফিক উদ্দিন (৭০) ও তাঁর এক বছর বয়সী নাতি আরিয়ান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ বেলা সাড়ে ১১টার দিকে বিয়ানীবাজার থেকে সিলেটমুখী ব্যক্তিগত গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। পুলিশ ও গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হতাহত ব্যক্তিরা ওই গাড়িতে ছিলেন। প্রাথমিকভাবে জানা গেছে, তাঁরা সবাই একই পরিবারের সদস্য।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, আহত অবস্থায় হুছনা বেগম (৫৫), ফাতেমা আক্তার (৩০), তামান্না (২৫) ও নাসির উদ্দিনকে (২৫) ভর্তি করা হয়েছে।

ওসি মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী বলেন, বেপরোয়া গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে।