সিলেটে ১২ দিন পর করোনায় তিনজনের মৃত্যু
সিলেট বিভাগে ১২ দিন পর করোনায় তিনজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে সিলেটের দুজন, সুনামগঞ্জের একজন রয়েছেন। এর আগে ৪ নভেম্বর একজনের মৃত্যু হয়েছিল।
আজ বুধবার দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো করোনা প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ওই প্রতিবেদন সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত বিভাগে ৮০৯ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার দশমিক ৭৩।
অন্যদিকে ৪ নভেম্বর থেকে গতকাল পর্যন্ত বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনসহ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ১ হাজার ১৮০ জন।
প্রতিবেদন সূত্রে আরও জানা যায়, বিভাগে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫৪ হাজার ৯৩৪ জনের শরীরে। এর মধ্যে সিলেটে ৩৩ হাজার ৮৬৩ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২৪৫, হবিগঞ্জে ৬ হাজার ৬৫৫ ও মৌলভীবাজারে করোনা শনাক্ত মানুষের সংখ্যা ৮ হাজার।