সিলেটে ১২ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
সিলেটে এক যুগ পর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আতিক মিয়া (৩৫) গোলাপগঞ্জের খালপার গ্রামের মোবারক আলীর ছেলে। গতকাল সোমবার রাত সাড়ে ১০টায় সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মানিককোনা বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
২০০৬ সালে গোলাপগঞ্জে একটি হত্যার ঘটনায় করা মামলায় ২০০৯ সালের ২০ মে আদালত আতিক মিয়াকে মৃত্যুদণ্ড দেন। তার পর থেকে তিনি পলাতক। অবশেষে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে গোলাপগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী ও গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ চৌধুরীর তত্ত্বাবধানে ফেঞ্চুগঞ্জের মানিককোনা বাজারে অভিযান চালানো হয়। তখন আতিক মিয়াকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও গণমাধ্যম) মো. লুৎফর রহমান বলেন, দীর্ঘ ১২ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আতিককে গ্রেপ্তার করা হয়। তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ছাড়া ওই মামলায় সাজাপ্রাপ্ত আসামিসহ পরোয়ানাভুক্ত সব আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।