সিলেটে ১৬ ইউপির ১০টিতে আ.লীগের পরাজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যালট বাক্স
প্রতীকী ছবি

সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের ১০ প্রার্থী পরাজিত হয়েছেন। জয় পেয়েছেন ছয়টি ইউপিতে। গতকাল বুধবার রাতে বেসরকারিভাবে নির্বাচিত ফলাফলে এ তথ্য জানা যায়।

সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল সকালে জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার ১৮টি ইউপিতে ভোট গ্রহণ শুরু হয়। বিশৃঙ্খলা ও সিল মারা ব্যালটসহ দুই রিটার্নিং কর্মকর্তা আটকের ঘটনায় জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউপির নির্বাচন স্থগিত করা হয়েছে। আর সুলতানপুর ইউনিয়নের গণিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করায় ইউপির ফল ঘোষণা করা হয়নি। বাকি ১৬ ইউপির মধ্যে ৬টিতে আওয়ামী লীগের প্রার্থী, ২টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, স্বতন্ত্রের ব্যানারে বিএনপির ২ প্রার্থী, জমিয়ত উলামায়ে ইসলামের ২ প্রার্থী, ৩ জন জামায়াতসংশ্লিষ্ট প্রার্থী ও জাতীয় পার্টির ১ প্রার্থী জয়ী হয়েছেন।

কানাইঘাট উপজেলায় ইউপি নির্বাচনে যাঁরা বিজয়ী হয়েছেন, তাঁরা হলেন কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী তমিজ উদ্দিন, লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের জমিয়তের প্রার্থী জামাল উদ্দিন, দীঘিরপাড় ইউনিয়নের আ.লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল মোমিন চৌধুরী, সাতবাঁক ইউনিয়নের জামায়াতের নেতা স্বতন্ত্র প্রার্থী আবু তায়্যিব শামীম, বড়চতুল ইউনিয়নের বিএনপির স্বতন্ত্র প্রার্থী আবদুল মালিক চৌধুরী, কানাইঘাট সদর ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী আফসার উদ্দিন আহমেদ চৌধুরী, দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের জামায়াত নেতা স্বতন্ত্র প্রার্থী লোকমান আহমদ, ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের বিএনপির নেতা স্বতন্ত্র প্রার্থী আবু বকর ও রাজাগঞ্জ ইউনিয়নে জমিয়তের প্রার্থী শামসুল ইসলাম।

জকিগঞ্জ উপজেলায় ইউপি নির্বাচনে যাঁরা বিজয়ী হয়েছেন, তাঁরা হলেন বারহালে জামায়াতের নেতা স্বতন্ত্র প্রার্থী মোস্তাক আহমদ, বিরশ্রী ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী আবদুস সাত্তার, খলছড়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী জাতীয় পার্টির নেতা আবদুল হক, কসকনকপুরে আওয়ামী লীগের বিদ্রোহী আলতাফ হোসেন লস্কর, মানিকপুরে ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী আবু জাফর মো. রায়হান, বারঠাকুরী ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী মহসিন মুর্তজা চৌধুরী ও জকিগঞ্জ সদরে আওয়ামী লীগের প্রার্থী আফতাব আহমদ।