সিলেটে ২১ জনকে আসামি করে হত্যা মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচন
প্রতীকী ছবি

সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনী সহিংসতায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর সমর্থক আলাউদ্দিন ওরফে আলাল (৪৫) হত্যা ঘটনায় ২১ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন তাঁর স্ত্রী রাহেনা বেগম।

আজ রোববার দুপুরে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানায় হত্যা মামলাটি করেন রাহেনা বেগম। বিকেলে যোগাযোগ করলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলায় ২১ জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে। হত্যা ঘটনার পরপরই আটক ১০ জনকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

আলাউদ্দিনের বাড়ি জালালাবাদ ইউনিয়নের আলীনগর গ্রামে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরের দিকে ইউপি সদস্য দুই প্রার্থীর পক্ষের লোকজনের মধ্যে বচসা হয়। পরে দুই পক্ষের মারামারিতে কয়েকজন আহত হন। ঘটনাস্থলে ছিলেন আলাউদ্দিন। দুই পক্ষের বচসার জেরে আলাউদ্দিনকে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে একদল লোক অতর্কিত হামলা করে। তাঁর ঘাড়ে ও মাথায় এলোপাতাড়ি দা দিয়ে কুপিয়ে মাটিতে ফেলে চলে যায় হামলাকারীরা। পরে ঘটনাস্থলেই আলাউদ্দিন মারা যান।

সিলেট শহরতলির জালালাবাদ ইউপির নির্বাচন আগামী ১১ নভেম্বর। নিহত আলাউদ্দিন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ওবায়েদ উল্লাহ ইসহাকের একজন সমর্থক বলে জানা গেছে। তবে ইসহাক বলেন, ‘আলাউদ্দিন আমার সমর্থক হলেও দুই ইউপি সদস্যের পক্ষের লোকজনের মারামারির জেরে হামলায় তিনি মারা গেছেন।’

পুলিশ জানিয়েছে, ইউপি নির্বাচনে সদস্য পদপ্রার্থী গোলাম রব্বানী ও আবদুল হামিদের পক্ষের লোকজনের মধ্যে মারামারি হয়। ঘটনার পরপরই শনিবার রাতে আলীনগর গ্রামে অভিযান চালিয়ে এক ইউপি সদস্য পদপ্রার্থীসহ ১০ জনকে আটক করা হয়। তাঁদের ওই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে হামিদ নামের এক ইউপি সদস্য পদপ্রার্থীও আছেন।