সিলেটে ২৪ ঘণ্টায় আবার করোনা শনাক্তের রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

সিলেট বিভাগে গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৮৭৫ জনের নমুনা পরীক্ষা করে রেকর্ড ২৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। বিভাগে এখন পর্যন্ত এটাই এক দিনে সর্বোচ্চ করোনা শনাক্তের সংখ্যা। শনাক্তের হার ২৯ দশমিক ৪৯ শতাংশ। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে বিভাগে একজনের মৃত্যু হয়েছে। তিনি সিলেট জেলার বাসিন্দা। আজ দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম বলেন, সিলেট বিভাগে এখন প্রতিদিনই করোনা শনাক্তের রেকর্ড হচ্ছে। এর আগে গতকাল ২৩৪ জনের শনাক্ত করা হয়েছিল। তখন পর্যন্ত এটিই ছিল বিভাগে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা।

বিভাগে এ পর্যন্ত ২৫ হাজার ৫২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হলেন ২৩ হাজার ৪৯৬ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, বিভাগে নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে সিলেট জেলার ১৪৯, সুনামগঞ্জের ১৬, হবিগঞ্জের ৪৭ ও মৌলভীবাজারের ৪৬ জন রয়েছেন। এ নিয়ে বিভাগে ২ লাখ ১২ হাজার ২২৬ জনের নমুনা পরীক্ষা করে ২৫ হাজার ৫২০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের গড় হার ১২ দশমিক শূন্য ২ শতাংশ। বিভাগে মোট আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সিলেট জেলায় ১৬ হাজার ৮৬৮, সুনামগঞ্জে ২ হাজার ৯৬৮, হবিগঞ্জে ২ হাজার ৭১৩ ও মৌলভীবাজারে ২ হাজার ৯৭১ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ১১৪ জন। তাঁদের মধ্যে সিলেট জেলার ৮৬, সুনামগঞ্জের ৩ ও মৌলভীবাজারের ২৫ জন রয়েছেন। এ নিয়ে বিভাগে করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হলেন ২৩ হাজার ৪৯৬ জন। তাঁদের মধ্যে সিলেট জেলার ১৫ হাজার ৯৩৪, সুনামগঞ্জের ২ হাজার ৮২০, হবিগঞ্জের ২ হাজার ১১০ ও মৌলভীবাজারের ২ হাজার ৬৩২ জন রয়েছেন।

এদিকে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪৬৮ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে সিলেট জেলায় ৩৮২, সুনামগঞ্জে ৩২, হবিগঞ্জে ১৯ ও মৌলভীবাজারে ৩৫ জন মারা গেছেন।