সিলেটে ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের সংখ্যা সাত শতাধিক
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত) ২ হাজার ১৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৭৩৪ জনের। শনাক্তের হার ৩৪ দশমিক শূন্য ৬। ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার বেলা একটার দিকে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা-সংক্রান্ত দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। ২৪ ঘণ্টার ব্যবধানে বিভাগে নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার কিছুটা কমেছে। এর আগে গতকাল সোমবার আক্রান্তের হার ছিল ৩৬ দশমিক ৫৩।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগে চিকিৎসাধীন ছিলেন ২০০ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৬১, সুনামগঞ্জে ১৮, মৌলভীবাজারে ২১ জন চিকিৎসাধীন। ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১২২ জন।
সিলেট স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বিভাগে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১৯৩ জন। বিভাগে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট ৫৯ হাজার ২৮০ জনের। সুস্থ হয়েছেন ৫০ হাজার ৬৯৫ জন। বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১৯৩ জন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, করোনা সংক্রমণের হার ওঠানামা করছে। সংক্রমণ ছড়িয়ে পড়া রোধে সরকারিভাবে ১১টি বিধিনিষেধ জারি করা হয়েছে। করোনা সংক্রমণ ঠেকাতে সবাইকে সচেতন হতে হবে। ঘর থেকে বের হলে সবাইকে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। এর পাশাপাশি সরকারি বিধিনিষেধ মেনে চলতে হবে।