সিলেটে ২৪ ঘণ্টায় করোনায় আরও একজনের মৃত্যু
সিলেট বিভাগে গতকাল মঙ্গলবার থেকে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে মারা গেছেন ৪২৬ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে ৮২ জনের। মোট শনাক্তের সংখ্যা ২৩ হাজার ৩০৩ জন। এর মধ্যে গত মাসে শনাক্ত হয়েছেন ১ হাজার ৯৬১ জন। আজ বুধবার দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগে শনাক্ত হওয়া ৮২ জনের মধ্যে সিলেট জেলার ৬৯ জন। এ ছাড়া সুনামগঞ্জের ২ জন, হবিগঞ্জের ৫ ও মৌলভীবাজার জেলার ৬ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭৮ জন। এর মধ্যে সিলেট জেলার ৬৫ জন, সুনামগঞ্জের ৯ ও মৌলভীবাজারের ৪ জন। বিভাগে মোট সুস্থ হয়েছেন ২১ হাজার ৮৫৭ জন।
বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ৪২৬ জনের মধ্যে সিলেট জেলায় ৩৪৮ জন, সুনামগঞ্জের ৩০, হবিগঞ্জের ১৮ ও মৌলভীবাজার জেলার ৩০ জন।
আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ২৩৮ জন। সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম বলেন, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে শনাক্তের সংখ্যা বেড়েছে।
করোনা সংক্রমণ থেকে সচেতন ও সুরক্ষিত থাকতে সরকারি বিধিনিষেধ মেনে চলা এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করার আহ্বান জানিয়ে নূরে আলম শামীম বলেন, ঘর থেকে বের হলে মাস্ক পরিধান ও কিছুক্ষণ পরপর হাত সাবান–পানি দিয়ে পরিষ্কার করতে হবে।