সিলেটে ২৪ ঘণ্টায় করোনায় তিনজনের মৃত্যু
সিলেট বিভাগে গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় তিনজনের মৃত্যু হয়েছে। তাঁরা তিনজনই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে মারা গেছেন ৪২০ জন।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে ৫০ জনের। এ নিয়ে বিভাগে মোট করোনা শনাক্ত হয়েছে ২৩ হাজার ৯৮ জনের। এর মধ্যে গত মাসে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৯৬১ জনের।
আজ রোববার সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগে শনাক্ত হওয়া ৫০ জনের মধ্যে সিলেট জেলার ২৬ জন, সুনামগঞ্জের ৪, হবিগঞ্জের ৮ ও মৌলভীবাজারের ১২ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৮ জন। এর মধ্যে সিলেট জেলার ৬৪ জন ও হবিগঞ্জের ৪ জন। বিভাগের মধ্যে সিলেট জেলার ১৫ হাজার ১৮১ জন, সুনামগঞ্জের ২ হাজার ৮৩৬, হবিগঞ্জের ২ হাজার ৫২৫ ও মৌলভীবাজারের ২ হাজার ৫৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
বিভাগে করোনায় মারা যাওয়া ৪২০ জনের মধ্যে সিলেট জেলার ৩৪২ জন, সুনামগঞ্জের ৩০, হবিগঞ্জের ১৮ ও মৌলভীবাজারের ৩০ জন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম তথ্যগুলো নিশ্চিত করে বলেন, করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।