সিলেটে ২৪ ঘণ্টায় করোনায় দুজনের মৃত্যু
সিলেট বিভাগে গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। তাঁরা দুজনই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনায় সংক্রমিত হয়ে ৪০৫ জনের মৃত্যু হয়েছে। ১ মে থেকে আজ পর্যন্ত ৩০ দিনে সিলেট বিভাগে করোনায় ৫৫ জনের মৃত্যু হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে ৫০ জনের। এ নিয়ে বিভাগে মোট সংক্রমিত হয়েছেন ২২ হাজার ৫১১ জন।
আজ দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের করোনা-সংক্রান্ত দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিভাগে আজ সকাল ৮টা পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২২ হাজার ৫১১ জনের। গেল ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৭ জন। তাঁরা সবাই সিলেট জেলার বাসিন্দা। বিভাগে মোট সুস্থ হয়েছেন ২১ হাজার ১৮২ জন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিভাগে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৫০ জনের মধ্যে ৪৪ জন সিলেট জেলার ও ৬ জন সুনামগঞ্জের বাসিন্দা।
বিভাগের মধ্যে সিলেট জেলায় ১৪ হাজার ৭২৫ জনের, সুনামগঞ্জে ২ হাজার ৮১৫, হবিগঞ্জে ২ হাজার ৪৯৫ ও মৌলভীবাজারে ২ হাজার ৪৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
বিভাগের বিভিন্ন হাসপাতালের আইসোলেশন সেন্টারে করোনায় আক্রান্ত ২৪৪ জন চিকিৎসাধীন। এর মধ্যে সিলেট জেলায় ২২৩ জন, সুনামগঞ্জে ৫, হবিগঞ্জে ৭ ও মৌলভীবাজারে জেলায় ৫ জন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম বিষয়টি নিশ্চিত করে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।