সিলেটে ২৪ ঘণ্টায় করোনায় সর্বোচ্চ মৃত্যু ও শনাক্তের রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
ফাইল ছবি

সিলেট বিভাগে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় সর্বোচ্চ মৃত‌্যু ও সর্বোচ্চ শনাক্ত রেকর্ড করা হয়েছে। বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ১৭ জনের মৃত‌্যু হয়েছে।

মৃত ব্যক্তিদের মধ্যে সিলেট জেলার ১৪ জন, হ‌বিগঞ্জের ১ জন ও মৌলভীবাজারের ২ জন। এ নিয়ে বিভাগে ৬৫৫ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত সোমবার বিভাগে করোনায় সর্বোচ্চ ১৪ জনের মৃত্যু হয়েছিল।

এদিকে ১ হাজার ৮৭০ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৭৩৬ জনের। শনাক্তের হার ৩৯ দশ‌মিক ৩৬ শতাংশ। গতকাল ২৪ ঘণ্টায় ৭০৮ জনের করোনা শনাক্ত হয়েছিল। বিভাগে মোট করোনা শনাক্ত হয়েছে ৩৭ হাজার ৬৫৪ জনের।

আজ দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় বিভাগে শনাক্ত ব্যক্তিদের মধ্যে সিলেট জেলার ৩৪১, সুনামগঞ্জের ১১৬, হবিগঞ্জের ৫৪ ও মৌলভীবাজারের ২২৫ জন। এ নিয়ে বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ হাজার ৬৫৪ জন। তাঁদের মধ্যে সিলেটের বাসিন্দা ২৩ হাজার ৮৭৮, সুনামগঞ্জের ৪ হাজার ৩২২, হবিগঞ্জের ৪ হাজার ৩৪৭ ও মৌলভীবাজারের ৫ হাজার ১০৭ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় বিভাগে মারা গেছেন ১৭ জন। ‌বিভাগে মোট মারা যাওয়া ৬৫৫ জনের মধ্যে সিলেট জেলার ৫২২, সুনামগঞ্জের ৪৮, হবিগঞ্জের ৩০ ও মৌলভীবাজারের ৫৫ জন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, সিলেট বিভাগে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩৮৬। তাঁদের মধ্যে ২৬২ জন চিকিৎসা নিচ্ছেন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে। এ ছাড়া সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৬৭, হবিগঞ্জে ২৯ ও মৌলভীবাজারে ২৮ জন।