‌‌সিলেটে ২৪ ঘণ্টায় করোনায় ১২ জ‌নের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

সিলেট বিভাগে করোনায় গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে সিলেট জেলার ১০ জন ও হবিগঞ্জ জেলার ২ জন আছেন। এ নিয়ে বিভাগে করোনায় ৭২৮ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪১ জনের নমুনা পরীক্ষা করে ৭১০ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্তের হার ৩৪ দশমিক ৭৯ শতাংশ। এর আগে গত রোববার ২৪ ঘণ্টায় বিভাগে সর্বোচ্চ ৯৯৬ জনের করোনা শনাক্তের রেকর্ড হয়েছিল। বিভাগে এ পর্যন্ত মোট ৪২ হাজার ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

আজ দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে সিলেট জেলার ৪০৬ জন, সুনামগঞ্জের ৮৭ জন, হবিগঞ্জের ১৫৩ জন ও মৌলভীবাজারের ৬৪ জন। এ নিয়ে বিভাগে করোনা সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ১৫। এর মধ্যে সিলেট জেলার ২৬ হাজার ২২১ জন, সুনামগঞ্জের ৪ হাজার ৯০৫ জন, হবিগঞ্জের ৫ হাজার ৭৬ জন ও মৌলভীবাজারের ৫ হাজার ৮১৩ জন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, সিলেট বিভাগে করোনা সংক্রমিত হয়ে বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪৬৬। তাঁদের মধ্যে ৩৩৭ জন চিকিৎসা নিচ্ছেন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে। এ ছাড়া সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৬২ জন, হবিগঞ্জে ৪৪ জন ও মৌলভীবাজারে ২২ জন।