সিলেটে ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা কম, শনাক্তও কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনার নমুনা পরীক্ষা
প্রতীকী ছবি

সিলেট বিভাগে গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনার নমুনা কম পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৬৮৮ জনের নমুনা পরীক্ষা করে ১৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৫ দশমিক ৪৪ শতাংশ।

এই ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন চারজন। মারা যাওয়া চারজনই সিলেটের বাসিন্দা। এ নিয়ে বিভাগে ৫৯৮ জনের মৃত্যু হয়েছে। বিভাগে মোট করোনা শনাক্ত হয়েছে ৩৪ হাজার ৪৮০ জনের। আজ দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে সিলেট জেলায় রয়েছেন ১২৩ জন ও হবিগঞ্জে ৫২ জন। এদিকে সুনামগঞ্জে ৯ জনের নমুনা পরীক্ষা করা হলেও কারও করোনা শনাক্ত করা হয়নি। আর মৌলভীবাজারের কারও নমুনা পরীক্ষা করা হয়নি। এ নিয়ে বিভাগে করোনা সংক্রমিত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৪৮০। এর মধ্যে সিলেট জেলার বাসিন্দা ২২ হাজার ১৭৯ জন, সুনামগঞ্জের বাসিন্দা ৩ হাজার ৮১৯ জন, হবিগঞ্জের বাসিন্দা ৩ হাজার ৯৪১ জন ও মৌলভীবাজারের ৪ হাজার ৫৪১ জন।

শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে বিভাগে মারা গেছেন চারজন। বিভাগে মোট মারা গেছেন ৫৯৮ জন। এর মধ্যে সিলেট জেলার বাসিন্দা ৪৭৭ জন, সুনামগঞ্জের ৪৩ জন, হবিগঞ্জের ২৮ জন ও মৌলভীবাজারের ৫০ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে নতুন করে ১৮১ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে ১৪৮ জন সিলেট জেলার ও ৩৩ জন মৌলভীবাজারের। এ নিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৪৬০।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, সিলেট বিভাগে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪০৯। এর মধ্যে ২৮৫ জন চিকিৎসা নিচ্ছেন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে। এ ছাড়া সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৫৪ জন, হবিগঞ্জে ৪১ জন ও মৌলভীবাজারে ২৯ জন।