সিলেটে ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের হার কমেছে, ২ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

সিলেট বিভাগে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার কমলেও ২ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুজনই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনায় আক্রান্ত ১ হাজার ২১৩ জনের মৃত্যু হলো।

সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৩১ জনের নমুনা পরীক্ষা করে ১৭১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ১১ দশমিক ৯৫। আগের দিনের তুলনায় শনাক্তের হার কমেছে ১ দশমিক ৬১। চার জেলার বিভাগটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৬৫ হাজার ৬৫৫ জনের। আজ দুপুর ১২টার দিকে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া করোনা–সংক্রান্ত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, করোনার তৃতীয় ধাপের সংক্রমণের পর সিলেট বিভাগে গত ২৩ জানুয়ারি থেকে দৈনিক শনাক্ত ৩০ শতাংশের ওপর অবস্থান করছিল। এর মধ্যে ২৬ জানুয়ারি সর্বোচ্চ শনাক্ত ছিল ৩৯ দশমিক ৪৯ শতাংশ। ২ ফেব্রুয়া‌রি থেকে সংক্রমণের হার কমতে শুরু করে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সে‌টি আরও কমে ১১ শতাংশের ঘরে নেমে আসে।

গত এক দিনে শনাক্ত ১৭১ জনের মধ্যে সিলেটে ১০৯ জন, সুনামগঞ্জে ১৩, হ‌বিগঞ্জে ১৪ ও মৌলভীবাজারে ৩৫ জন রয়েছেন। করোনা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ১৪০ জন। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ১২২ জন। এ নিয়ে বিভাগে সুস্থ হয়েছেন ৫২ হাজার ৩৫৭ জন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, গত ডিসেম্বরের শেষ দিকে সংক্রমণের হার কিছুটা ঊর্ধ্বমুখী ছিল, যা জানুয়া‌রির শেষ পর্যন্ত অব্যাহত থাকতে দেখা গেছে। ফেব্রুয়া‌রির শুরু থেকে সংক্রমণের হার কমছে। করোনার সংক্রমণ বৃদ্ধি রোধে সবাইকে সচেতনতা অবলম্বন করতে হবে। স্বাস্থ্যবিধি রক্ষার পাশাপাশি সামাজিক দূরত্ব এবং ঘর থেকে বাইরে বের হলেই মাস্ক ব্যবহার করতে হবে।