সিলেটে ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু
সিলেট বিভাগে গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। তিনি সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ১ হাজার ২৩২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে ৬০০ জনের নমুনা পরীক্ষায় ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার শূন্য দশমিক ৬৭।
আজ দুপুর সাড়ে ১২টায় সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের করোনা-সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, করোনার তৃতীয় ধাপের সংক্রমণের পর সিলেট বিভাগে গত ২৩ জানুয়ারি দৈনিক শনাক্ত ৩০ শতাংশের ওপরে ওঠে। এরপর ২৬ জানুয়ারি সর্বোচ্চ শনাক্তের হার দাঁড়ায় ৩৯ দশমিক ৪৯। পরবর্তী সময়ে ২ ফেব্রুয়ারি থেকে সংক্রমণের হার কমতে শুরু করে। এর মধ্যে সংক্রমণ গত ১৩ ফেব্রুয়ারি থেকে ১০ শতাংশের নিচে নামে। কয়েক দিন ধরে সেই হার ১-এর নিচে নেমেছে। ২৪ ঘণ্টায় শনাক্ত ৪ জনের মধ্যে ৩ জন সিলেটের, বাকি ১ জন হবিগঞ্জ জেলার বাসিন্দা। তবে এদিন সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায় কোনো রোগী শনাক্ত হয়নি। বিভাগে আজ সকাল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন ১৩ জন। ২৪ ঘণ্টায় বিভাগে সুস্থ হয়েছেন ৯৬ জন। এ নিয়ে বিভাগে সুস্থ হয়েছেন ৫৪ হাজার ৪৬১। এ পর্যন্ত বিভাগে ৬৬ হাজার ৭৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, করোনা সংক্রমণ রোধে সবাইকে সচেতনতা অবলম্বন করতে হবে। স্বাস্থ্যবিধি রক্ষার পাশাপাশি সামাজিক দূরত্ব ও ঘর থেকে বাইরে বের হলেই মাস্ক ব্যবহার করতে হবে।