সিলেটে ২৪ ঘণ্টায় করোনায় ৫ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

সিলেট বিভাগে গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে সিলেট জেলার ৪ জন ও মৌলভীবাজারের ১ জন। এ নিয়ে বিভাগে ৯০২ জন করোনায় মারা গেছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগে ১ হাজার ২৭৩ জনের নমুনা পরীক্ষা করে ৩৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্তের হার ২৮ দশমিক ২০। বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৪৯ হাজার ২৭১ জনের। আজ সোমবার দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সিলেট বিভাগে করোনার সংক্রমণের ঊর্ধ্বগতি গত জুন মাসের শেষ দিক থেকে। সে সময় থেকে ২৪ ঘণ্টায় নমুনা শনাক্তের হার ৩০–এর ওপরে থাকত। গত ২২ জুলাই শনাক্তের হার ২৫ দশমিক ৪৪-এ নামলেও পরে আবার তা ঊর্ধ্বমুখী হয়। চলতি মাসের ২ আগস্ট সর্বোচ্চ শনাক্তের হার ছিল ৪৩ দশমিক ৬৫। এর মধ্যে গত রোববার শনাক্তের হার ২৬ দশমিক ৭১ হয়।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলার ২৬৪ জন, সুনামগঞ্জের ১৯ জন, হবিগঞ্জের ৩৮ জন ও মৌলভীবাজারের ৩৮ জন। এ নিয়ে বিভাগে করোনা সংক্রমিতের সংখ্যা ৪৯ হাজার ২৭১। গত ২৪ ঘণ্টায় করোনায় বিভাগে মারা গেছেন ৫ জন। এ নিয়ে বিভাগে মোট মারা গেছেন ৯০২ জন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৫৫৩। এর মধ্যে ৪৩০ জন চিকিৎসা নিচ্ছেন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে। এ ছাড়া সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪৭ জন, হবিগঞ্জে ৪২ জন ও মৌলভীবাজারে ৩৪ জন। তিনি সবাইকে করোনার টিকা নেওয়ার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।