সিলেটে ২৪ ঘণ্টায় করোনায় ৬ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনায় মৃত্যু
প্রতীকী ছবি

সিলেট বিভাগে গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় ৬ জনের মৃত্যু হয়েছে। তাঁরা সবাই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৩। এদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগে ৭৭২ জনের নমুনা পরীক্ষা করে ১২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৬ দশমিক ৪৫ শতাংশ। আজ শনিবার দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সিলেট বিভাগে গত জুনের শেষ দিক থেকে করোনার সংক্রমণের ঊর্ধ্বগতি ছিল। সে সময় থেকে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩০ শতাংশের ওপরে হয়ে আসছিল। ২ আগস্ট শনাক্তের হার সর্বোচ্চ ৪৩ দশমিক ৬৫ শতাংশ হয়েছিল। তবে এক সপ্তাহ ধরে করোনা সংক্রমণের হার কিছুটা নিম্নমুখী।

বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৩। করোনা শনাক্ত হয়েছে এ পর্যন্ত ৫২ হাজার ৩৫১ জনের।

গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে সিলেট জেলার ৬৬, সুনামগঞ্জের ১০, হবিগঞ্জের ১৫ ও মৌলভীবাজারের ৩৬ জন। এ নিয়ে বিভাগে ৫২ হাজার ৩৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে সিলেটের ৩২ হাজার ৩২৯, সুনামগঞ্জের ৬ হাজার ৬১, হবিগঞ্জের ৬ হাজার ২৮১ ও মৌলভীবাজারের বাসিন্দা ৭ হাজার ৬৮০ জন।

বিভাগে করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে সিলেট জেলার ৮৫৫, সুনামগঞ্জের ৭২, হবিগঞ্জের ৪৬ ও মৌলভীবাজারের ৭০ জন রয়েছেন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে নতুন করে ৩১৬ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৯০৫।