সিলেটে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬০২ জনের করোনা শনাক্ত
সিলেট বিভাগে এক দিনে নমুনা পরীক্ষায় সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে। বিভাগে গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৩৬ জনের নমুনা পরীক্ষা করে ৬০২ জনের করোনা শনাক্ত করা হয়েছে।
এর আগে গত শুক্রবার ১ হাজার ২৫ জনের করোনার নমুনা পরীক্ষা করে ৪৪২ জনের সংক্রমণ শনাক্ত হয়েছিল, যা বিভাগে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড ছিল। আজ রোববার শনাক্তের হার ৪১ দশমিক ৯২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন ৭ জন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে সিলেট জেলার ছয়জন ও সুনামগঞ্জের একজন আছেন। এ নিয়ে বিভাগে করোনায় মারা গেছেন ৫২৪ জন।
আজ রোববার দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন শনাক্ত রোগীদের মধ্যে সিলেট জেলায় রয়েছেন ২৮৫ জন, সুনামগঞ্জে ৮৮ জন, হবিগঞ্জে ৮৭ জন ও মৌলভীবাজার জেলায় ১৪২ জন। এ নিয়ে বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫৪৩। এর মধ্যে সিলেট জেলার বাসিন্দা রয়েছেন ১৯ হাজার ৩৮২ জন, সুনামগঞ্জের বাসিন্দা ৩ হাজার ৩৩০ জন, হবিগঞ্জের বাসিন্দা ৩ হাজার ১৭০ জন ও মৌলভীবাজারের বাসিন্দা রয়েছেন ৩ হাজার ৬৬১ জন।
শেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে বিভাগে মারা গেছেন ৭ জন। বিভাগে এ পর্যন্ত মোট মারা গেছেন ৫২৪ জন। এর মধ্যে সিলেট জেলার বাসিন্দা ৪২৫ জন, সুনামগঞ্জের বাসিন্দা ৩৭ জন, হবিগঞ্জের ২২ জন ও মৌলভীবাজার জেলার বাসিন্দা মারা গেছেন ৪০ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে নতুন করে ১৪০ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে ১০৫ জন সিলেট জেলার, ৫ জন সুনামগঞ্জ জেলার, ৩ জন হবিগঞ্জ জেলার ও ২৭ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৮৭২।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম বলেন, বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩১৩। এর মধ্যে ২৪৩ জন চিকিৎসা নিচ্ছেন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে। এ ছাড়া সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩৩ জন, হবিগঞ্জে ৭ জন ও মৌলভীবাজারে ৩০ জন।