সিলেটে ৪৮ দিনের মধ্যে করোনা শনাক্তের হার সবচেয়ে কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট বিভাগে ৪৮ দিনের মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার সবচেয়ে কম। এই সময়ে বিভাগে করোনায় মারা গেছেন ১৭ জন। মৃত ব্যক্তিরা সবাই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনায় ৯১৯ জনের মৃত্যু হয়েছে। বিভাগে এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ৪৯ হাজার ৬২৮ জনের। আজ মঙ্গলবার দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ১ জুলাই থেকে আজ মঙ্গলবার পর্যন্ত ৪৮ ‍দিনের মধ্যে গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত) করোনা শনাক্তের হার সবচেয়ে কম। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ১ হাজার ৪৭৬ জনের নমুনা পরীক্ষা করে ৩৫৭ জনের করোনা শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ২৪ দশমিক ১৯। ৪৮ দিনের মধ্যে গত ১০ জুলাই শনাক্তের হার সর্বোচ্চ ৫৫ দশমিক ৪১ ছিল।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে সিলেটের ২৬৪ জন, সুনামগঞ্জের ২৪ জন, হবিগঞ্জের ৩৭ জন ও মৌলভীবাজারের ৩২ জন।

সিলেট বিভাগে বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৫৩৪। এর মধ্যে ৪২১ জন চিকিৎসা নিচ্ছেন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে। এ ছাড়া সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪৪ জন, হবিগঞ্জে ৪০ জন ও মৌলভীবাজারে ২৯ জন।

সিলেটের ডেপুটি সিভিল সার্জন জন্মেজয় দত্ত বলেন, করোনা শনাক্তের হার নিম্নমুখী হওয়া এবং সুস্থ হওয়ার সংখ্যা বৃদ্ধি পাওয়া অনেকটা স্বস্তির।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, সংক্রামক ব্যাধিগুলোর প্রায় তিন সপ্তাহ সংক্রমণের হার ঊর্ধ্বমুখী হতে থাকে। এরপর আস্তে আস্তে সংক্রমণের হার কমতে থাকে। সিলেটেও গত জুলাই মাস থেকে সংক্রমণ ঊর্ধ্বমুখী ছিল। এখন নিম্নমুখী হয়েছে।