সিলেটে ৫ দিন পর করোনা শনাক্তের হার ৬-এর কোঠায়
সিলেট বিভাগে পাঁচ দিন পর গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ফের ৬-এর কোঠায় পৌঁছেছে। এর আগে পাঁচ দিন ধরে বিভাগে শনাক্তের হার ৪ ও ৫–এর কোঠায় অবস্থান করছিল।
গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগে ৬৯৬ জনের নমুনা পরীক্ষা করে ৪৬ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৬ দশমিক ৬১। বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৫৪ হাজার ২০৭ জনের। এর আগে সর্বশেষ ১৩ সেপ্টেম্বর বিভাগে করোনা শনাক্তের হার ছিল ৬ দশমিক ৮৮।
বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। তিনি সিলেট জেলার বাসিন্দা। আজ দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে সিলেট জেলার ৩৭ জন, হবিগঞ্জে ১ জন ও মৌলভীবাজার জেলায় ৮ জন। এ নিয়ে বিভাগে করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা ৫৪ হাজার ২৪৭। বিভাগে করোনায় মারা গেছেন ১ হাজার ১৪৩ জন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, সিলেট বিভাগে করোনা সংক্রমণের হার নিম্নমুখী। রোগী কমার পাশাপাশি আইসোলেশন সেন্টারগুলোতেও কমেছে রোগীর চাপ। বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৯১। তিনি করোনা সংক্রমণ রোধে সবাইকে সচেতন থাকতে এবং স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানান।