সিলেটে ৭ মাস পর করোনা শনাক্ত ১ শতাংশে নামল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনার নমুনা সংগ্রহ করা হচ্ছে
ফাইল ছবি

সিলেট বিভাগে প্রায় সাত মাস পর করোনা শনাক্ত ১ শতাংশে নেমেছে। তবে গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা সংক্রমণে দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা যায়।

স্বাস্থ্য বিভাগ জানায়, গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভাগে ৮৭১ জনের নমুনা পরীক্ষায় ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১ দশমিক ৪৯। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ৩ দশ‌মিক ২১।

গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে সিলেট জেলার ৭, সুনামগঞ্জের ২, হবিগঞ্জের ২ ও মৌলভীবাজারের ২ জন আছেন। এ নিয়ে বিভাগে করোনায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৫৪ হাজার ৫০৮। এর মধ্যে সিলেট জেলার ৩৩ হাজার ৫৬৯, সুনামগঞ্জের ৬ হাজার ২৩৬, হবিগঞ্জের ৬ হাজার ৬২০ ও মৌলভীবাজারের ৮ হাজার ৮৩ জন আছেন। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া দুজনের বাড়িই সিলেট জেলায়। এ নিয়ে বিভাগে করোনায় ১ হাজার ১৫৮ জনের মৃত্যু হলো।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, জুন মাসের শেষ দিক থেকে সিলেট বিভাগে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ছিল। সে সময় ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় ৩০ শতাংশের ওপরে করোনা শনাক্ত হতো। জুলাই ও আগস্ট মাসে সেটি ৪০ শতাংশে পৌঁছে। ফেব্রুয়ারি মাসে শনাক্তের হার সর্বনিম্ন ১ থেকে ৩ শতাংশে নামে। চলতি মাসের শুরু থেকে করোনা শনাক্তের হার নিম্নমুখী হতে থাকে। চল‌তি মাস থেকে বিভাগে আক্রান্তের হার ৪ থেকে ৬ শতাংশে ওঠানামা করে। শেষ পর্যন্ত আজ করোনা শনাক্ত ১ শতাংশে নামল।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৮১।