সিলেটের আলোচিত রায়হান হত্যা মামলার অভিযোগপত্রের পর্যালোচনা পেছাল
সিলেটে পুলিশি হেফাজতে রায়হান আহমদ হত্যা মামলার অভিযোগপত্র পর্যালোচনা পিছিয়েছে। আদালতে অভিযোগপত্র দাখিলের চার মাস পর আজ সোমবার সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্রের পর্যালোচনা হওয়ার কথা ছিল। তবে অন্য আদালতে নথি থাকায় আজ পর্যালোচনা হয়নি। অভিযোগপত্র পর্যালোচনার জন্য আগামী ৩০ সেপ্টেম্বর নতুন তারিখ ধার্য করা হয়েছে।
সিলেট মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) নওশাদ আহমদ চৌধুরী প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলার নথি অন্য আদালতে থাকায় নির্ধারিত তারিখে পর্যালোচনা হয়নি। অভিযোগপত্রের পর্যালোচনার জন্য নতুন তারিখ ধার্য হয়েছে। এই পর্যালোচনার পর আদালত অভিযোগপত্র গ্রহণ করে অভিযোগ গঠন করবেন। এরপর বিচারপ্রক্রিয়া শুরু হবে।
আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি বছরের ৫ মে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আলোচিত এ মামলার অভিযোগপত্র আদালতে জমা দেয়। অভিযোগপত্রে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জের দায়িত্বে থাকা এসআই (সাময়িক বরখাস্ত) আকবর হোসেন ভূঁইয়াকে (৩২) প্রধান অভিযুক্ত করা হয়।
অন্য অভিযুক্ত ব্যক্তিরা হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) আশেক এলাহী (৪৩), কনস্টেবল মো. হারুন অর রশিদ (৩২), টিটু চন্দ্র দাস (৩৮), ফাঁড়ির টুআইসি পদে থাকা সাময়িক বরখাস্ত এসআই মো. হাসান উদ্দিন (৩২) ও এসআই আকবরের আত্মীয় কোম্পানীগঞ্জ উপজেলার সংবাদকর্মী আবদুল্লাহ আল নোমান (৩২)। নোমান ছাড়া বাকি সবাই বর্তমানে কারাগারে।
গত বছরের ১০ অক্টোবর মধ্যরাতে সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার ফাঁড়িতে তুলে নিয়ে রায়হান আহমদকে নির্যাতন করা হয়। পরদিন ১১ অক্টোবর তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশি হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে রায়হানের স্ত্রীর করা মামলার পর মহানগর পুলিশের একটি অনুসন্ধান কমিটি তদন্ত করে ফাঁড়িতে নিয়ে রায়হানকে নির্যাতনের সত্যতা পায়। ফাঁড়ির ইনচার্জের দায়িত্বে থাকা এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ চারজনকে ১২ অক্টোবর সাময়িক বরখাস্ত এবং তিনজনকে প্রত্যাহার করা হয়। এরপর কনস্টেবল হারুনসহ তিনজনকে গ্রেপ্তার করে মামলার তদন্তকারী সংস্থা পিবিআই। তবে প্রধান অভিযুক্ত আকবর ১৩ অক্টোবর পুলিশি হেফাজত থেকে পালিয়ে ভারতে চলে যান। ৯ নভেম্বর সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সরকারি কৌঁসুলির দপ্তর সূত্রে জানা যায়, অভিযোগপত্র দাখিল করার পর আদালতে পর্যালোচনা করোনা পরিস্থিতির কারণে পিছিয়েছে। এর মধ্যে ভার্চ্যুয়াল আদালতে প্রধান অভিযুক্ত আকবরসহ কারাবন্দী তিন পুলিশ সদস্যের জামিন আবেদন করা হয়। ভার্চ্যুয়াল শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের বিরোধিতায় জামিন নামঞ্জুর হয়।