সিলেটের ওসমানী মেডিকেলে চার দিন পর করোনা পরীক্ষা চালু
চার দিন বন্ধ থাকার পর সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজে করোনা পরীক্ষার আরটি–পিসিআর যন্ত্রটি চালু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় যন্ত্রটি দিয়ে কিছু নমুনা পরীক্ষা করা হয়। আজ মঙ্গলবার পুরোদমে পরীক্ষা শুরু হয়েছে।
গত শুক্রবার রাতে যন্ত্রটি বিকল হয়ে পড়ে। এরপর যন্ত্রটির সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রকৌশলী এবং স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তাদের জানিয়ে পরীক্ষা বন্ধ রাখা হয়। এতে সিলেট থেকে বিদেশযাত্রীরা বিপাকে পড়েন। শনিবার তাঁদের নমুনা সংগ্রহ ও নিবন্ধন বন্ধ করা হয়। পরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তাঁদের নমুনা পরীক্ষার ব্যবস্থা করা হয়।
এম এ জি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. ময়নুল হক বলেন, ‘শুক্রবার রাতে করোনার নমুনা পরীক্ষার শেষ দিকে ফলাফল নির্ণয়ের সময় যন্ত্রে সমস্যা দেখা দেয়। সে সময় ফলাফল “এরর”দেখাচ্ছিল। পরে আমরা ওই দিনের নমুনাগুলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর দিয়ে পরীক্ষা করেছি। যন্ত্রটির সমস্যাগুলো জানিয়ে মেরামতের জন্য আমরা প্রথমেই সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রকৌশলীদের সঙ্গে যোগাযোগ করেছি। তাঁরা বিস্তারিত জেনে সিলেটে এসে সেটি মেরামত করেছেন। কিছু যন্ত্রাংশ বদল করা হয়েছে। সোমবার সন্ধ্যায় মেরামতকাজ শেষ হয়। মঙ্গলবার থেকে পুরোদমে করোনা পরীক্ষা চালু হয়েছে।’