চার সেতুতে অতিরিক্ত টোল আদায় বন্ধে পণ্যবাহী পরিবহন ধর্মঘটের ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট জেলার মানচিত্র

সিলেট-সুনামগঞ্জ সড়কের লামাকাজি, সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুর, ফেঞ্চুগঞ্জ ও শেওলা সেতুতে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবিতে ৯ নভেম্বর ৪৮ ঘণ্টার পণ্যবাহী পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

আজ সোমবার বিকেলে দক্ষিণ সুরমার হ‌ুমায়ুন রশিদ চত্বরে পরিবহন মালিক-শ্রমিক সমাবেশ থেকে এই ধর্মঘট ডাকা হয়। রাতে সংগঠনটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

৯ নভেম্বর ৪৮ ঘণ্টার পণ্যবাহী পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

সমাবেশে বলা হয়, বছরের পর বছর ধরে লামকাজি সেতুসহ সিলেটের সব সেতু থেকে অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে। টাকা না দিলে প্রতিনিয়ত শ্রমিকেরা নির্যাতনের শিকার হচ্ছেন। এ ব্যাপারে কর্তৃপক্ষ বরাবর একাধিকবার স্মারকলিপি প্রদান করার পরও কোনো পদক্ষেপ না নেওয়ায় বাধ্য হয়ে ধর্মঘটের ডাক দিতে বাধ্য হয়েছেন তাঁরা।

সিলেট জেলা ট্রাক মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ প্রথম আলোকে বলেন, ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটের প্রতি সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন ও সিএনজিচালিত অটোরিকশা ইউনিয়ন একাত্মতা প্রকাশ করেছে।

সিলেট বিভাগীয় শ্রমিক ঐক্য জোট ও জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকারের সভাপতিত্বে সমাবেশে জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি পুলক কবির চৌধুরী, জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাকারিয়া, জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ফয়জুল ইসলাম, যুগ্ম সম্পাদক নাজির আহমদ, জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আবদুস সালাম প্রমুখ বক্তব্য দেন।