সিলেটের পর্যটনকেন্দ্রগুলো আবার সরব

সাড়ে তিন মাসেরও বেশি সময় পর ‌সিলেটের পর্যটন ও বিনোদনকেন্দ্রগুলো আজ বৃহস্পতিবার খুলে দেওয়া হয়েছে। আজ থেকেই পর্যটনকেন্দ্রগুলোতে মানুষ ভিড় করছে। দুপুরে ভোলাগঞ্জ সাদাপাথর এলাকায়ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধাপে ধাপে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার সকাল থেকে খুলেছে দেশের সব পর্যটন ও বিনোদনকেন্দ্র। খুলে দেওয়ার পর থেকে সিলেটের পর্যটনকেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড় বাড়ছে।

সিলেটের পর্যটনকেন্দ্র রাতারগুল, সাদাপাথর, বিছনাকান্দি, জাফলং, লালাখাল পর্যটনকেন্দ্রগুলোতে বৃহস্পতিবার সকাল থেকে দেশের বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা ছুটে আসছেন। এসব স্থানে এসে তাঁরা প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য উপভোগ করছেন।

এর আগে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারি কঠোর বিধিনিষেধের কারণে পর্যটনকেন্দ্র, হোটেল–মোটেল ও রিসোর্ট বন্ধ ছিল। সরকারি বিধিনিষেধ শিথিলে অনেকটা স্বস্তি প্রকাশ করেছেন পর্যটন খাতের ব্যবসায়ীরা। তাঁরা বলছেন, দীর্ঘদিন সরকারি বিধিনিষেধের কারণে পর্যটনকেন্দ্রগুলো বন্ধ ছিল। এতে পর্যটনকেন্দ্রিক ব্যবসায়ীরাও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছিলেন। আজ সকাল থেকে পর্যটনকেন্দ্রগুলো খুলে দেওয়ায় ব্যবসায়ী ও কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ কর্মস্থল ও ব্যবসাপ্রতিষ্ঠানে ফিরেছেন।

আজ সপ্তাহের শেষ কর্মদিবস এবং শুক্র ও শনিবার বন্ধ থাকায় অনেকেই সিলেটের পর্যটনকেন্দ্রগুলোতে ঘুরে বেড়াতে ছুটি নিয়ে সিলেটে এসেছেন। নগরের আবাসিক হোটেলগুলোতেও পর্যটকেরা অগ্রিম কক্ষ বুকিং দিয়েছেন। বিকেল ও সন্ধ্যার পর ভিড় বাড়তে পারে বলে মন্তব্য করেছেন পর্যটন খাতের ব্যবসায়ীরা।
সিলেট নগরের হজরত শাহজালাল (রহ.) মাজার ও শহরতলির শাহপরান (রহ.) মাজারেও ভক্ত ও দর্শনার্থীদের ভিড় বেড়েছে বৃহস্পতিবার সকাল থেকে। রাতে ও আগামীকাল শুক্রবার ভিড় আরও বাড়বে বলে জানিয়েছেন মাজারগুলোর খাদেমরা।

দীর্ঘদিন বন্ধ থাকার পর সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজার আজ বৃহস্পতিবার খুলে দেওয়া হয়েছে। প্রথম দিনেই মাজারের পুকর পাড়ে দর্শনার্থীদের ভিড়
ছবি: প্রথম আলো

শাহজালাল (রহ.) মাজার কার্যালয়ের কর্মচারী দেওয়ান জহির উদ্দিন চৌধুরী বলেন, সাধারণত মাজারে বৃহস্পতিবার রাতের পর থেকে ভিড় বাড়ে। শুক্রবার এ ভিড় আরও বেশি হয়। আজ থেকে ভক্ত ও দর্শনার্থীরা মাজারে আসতে শুরু করেছেন। করোনার বিধিনিষেধের কারণে সম্প্রতি উপস্থিতি কিছুটা কম ছিল।

স্বাস্থ্যবিধি ও মাস্ক ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা দিয়ে বৃহস্পতিবার থেকে সারা দেশে পর্যটন ও বিনোদনকেন্দ্র খুলে দেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে পর্যটকদের সুবিধা-অসুবিধার বিষয়গুলো নজরে রাখা হচ্ছে।

সিলেট বিভাগীয় পর্যটন পুলিশ সূত্রে জানা গেছে, স্বাস্থ্যবিধি ও মাস্ক ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা দিয়ে বৃহস্পতিবার থেকে সারা দেশে পর্যটন ও বিনোদনকেন্দ্র খুলে দেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে পর্যটকদের সুবিধা-অসুবিধার বিষয়গুলো নজরে রাখা হচ্ছে। সাহায্য–সহযোগিতার প্রয়োজন হলে পর্যটন পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছেন। পর্যটন ও বিনোদনকেন্দ্রে যাতে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলেন, সেদিকেও নজর রাখা হচ্ছে।

সিলেটের জাফলং জোন পর্যটন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রতন শেখ বলেন, পর্যটন ও বিনোদনকেন্দ্র খুলে দেওয়ায় সকাল থেকে পর্যটকদের ভিড় বাড়ছে। এ ছাড়া পর্যটন খাতের ব্যবসায়ীরাও দীর্ঘদিন বন্ধ থাকা দোকান খুলে পর্যটকদের জন্য অপেক্ষা করছেন।

জাফলং এলাকার ব্যবসায়ী মো. আবির বলেন, ‘দীর্ঘদিন ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। আজ সকাল থেকে ব্যবসাপ্রতিষ্ঠান খুলে পরিষ্কার-পরিচ্ছন্ন করেছি। সকাল থেকে ঘুরতে আসা অনেকে কেনাকাটাও করেছেন। আশা করছি, আজ বিকেলে ও কাল দর্শনার্থী ও পর্যটকদের ভিড় আরও বাড়বে।’

সিলেটের আম্বরখানা এলাকার একটি আবাসিক হোটেলের কর্মকর্তা কাওসার চৌধুরী বলেন, ‘দীর্ঘদিন বন্ধ থাকার পর আমরা হোটেল খুলেছি। বন্ধ থাকায় হোটেল কর্তৃপক্ষের আর্থিক ক্ষতি হয়েছে। আজ থেকে আমরা অতিথি নিচ্ছি। খোলার পর ভালোই সাড়া পাচ্ছি। অনেকেই ফোন দিয়ে বৃহস্পতিবার রাত থেকে শনিবার পর্যন্ত অগ্রিম বুকিং করে নিচ্ছেন।’

কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সাদাপাথর এলাকায় সকাল থেকে পর্যটকদের আনাগোনা শুরু হয়েছে। সময় যত যাচ্ছে, মানুষের আনাগোনা বাড়ছে। আগামী দুদিন সপ্তাহিক বন্ধ থাকায় ভিড় বাড়ার সম্ভাবনা রয়েছে।
সুমন আচার্য, ইউএনও, কোম্পানীগঞ্জ, সিলেট

সিলেটের কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন আচার্য বলেন, ‘কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সাদাপাথর এলাকায় সকাল থেকে পর্যটকদের আনাগোনা শুরু হয়েছে। সময় যত যাচ্ছে, মানুষের আনাগোনা বাড়ছে। আগামী দুদিন সপ্তাহিক বন্ধ থাকায় ভিড় বাড়ার সম্ভাবনা রয়েছে। পর্যটনকেন্দ্রে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে পর্যটকদের আমরা আহ্বান জানাচ্ছি। পাশাপাশি উপজেলা প্রশাসনের একটি টিম পর্যটনকেন্দ্রে রয়েছে।’

গোয়াইনঘাটের ইউএনও তাহমিলুর রহমান বলেন, ‘গোয়াইনঘাটের জাফলং, বিছনাকান্দি, রাতারগুলে দর্শনার্থী ও পর্যটকদের আনাগোনা বাড়ছে বলে শুনেছি। আমি পর্যটনকেন্দ্রগুলোতে যাতে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলেন, সে জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশনা দিয়েছি।’